টটেনহ্যাম হটস্পার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাককে দলে ভেড়াতে ইতালির ইন্টার মিলান ও স্পেনের বার্সেলোনা আগ্রহ দেখাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে আলোচনায় এগিয়ে রয়েছে ইন্টার মিলান।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রোমেরো। স্পেনের বিপক্ষে ফাইনালে চোট পাওয়ার আগে পর্যন্ত তিনি দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। যদিও আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারেনি, তবু তার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে।
বিশ্বকাপ শেষ হওয়ার পর এখন কিছুদিন বিশ্রাম নিয়ে চোট থেকে পুরোপুরি সেরে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন রোমেরো। এরপরই তিনি নিজের ক্লাব ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে একটি বিষয় প্রায় নিশ্চিত, নতুন মৌসুমে তাকে আর টটেনহ্যামের জার্সিতে দেখা যাবে না।
রোমেরো মনে করছেন, টটেনহ্যাম ছাড়ার এটাই সঠিক সময়। ক্লাবটিতে তিনি অধিনায়ক এবং রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হলেও ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে চান। এর আগে লন্ডন ছাড়ার কয়েকটি সুযোগ এলেও বিভিন্ন কারণে সেগুলো বাস্তবায়ন হয়নি। এবার দলবদলের বাজারে বড় কোনো ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
রোমেরোকে দলে নিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটি ইতোমধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে রোমেরোর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার পরিকল্পনাও রয়েছে তাদের।
আরও পড়ুনঃ মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচন করল আইএফএফএইচএস
ইন্টারে যোগ দিলে জাতীয় দলের অধিনায়ক লাউতারো মার্তিনেজের সঙ্গে আবারও একই ক্লাবে খেলবেন রোমেরো। ইতালিয়ান ফুটবলের সঙ্গেও তার পরিচিতি রয়েছে। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে তিনি জেনোয়া ও আতালান্তার হয়ে সিরি আ-তে খেলেছেন। এছাড়া জুভেন্টাসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও তাদের হয়ে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি।
তবে শুধু ইন্টারই নয়, রোমেরোর প্রতি আগ্রহ রয়েছে বার্সেলোনারও। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা ও প্রধান কোচ হানসি ফ্লিক দুজনই আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে পছন্দ করেন। এমনকি তাদের পছন্দের তালিকায় তিনি ইতালির আলেসান্দ্রো বাস্তোনির চেয়েও এগিয়ে রয়েছেন।
তবে বার্সেলোনা নতুন ডিফেন্ডার দলে ভেড়ানোর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, 'সেন্টার-ব্যাকদের দল ছাড়ার ক্ষেত্রেই কেবল তাকে একটি বিকল্প হিসেবে বিবেচনা করছে।'
অর্থাৎ, বার্সেলোনার বর্তমান সেন্টার-ব্যাকদের কেউ দল ছাড়লে তবেই রোমেরোকে দলে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এগোবে কাতালান ক্লাবটি। তবে তার আগে তারা স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেকে দলে ভেড়ানোর চেষ্টা করবে। সেই পরিকল্পনা সফল হলে পরবর্তী লক্ষ্য হতে পারেন রোমেরো।
স্প্যানিশ গণমাধ্যমের দাবি, বার্সেলোনার হয়ে খেলার সুযোগ পেলে রোমেরোও আগ্রহের সঙ্গে তা গ্রহণ করবেন। অন্যদিকে ইন্টার মিলান ইতোমধ্যে আলোচনা এগিয়ে নেওয়ায় দলবদলের লড়াইয়ে আপাতত তারাই এগিয়ে আছে। ফলে টটেনহ্যাম ছাড়ার পর আর্জেন্টাইন এই ডিফেন্ডারের নতুন ঠিকানা কোথায় হবে, সেটিই এখন ইউরোপের দলবদলের বাজারের অন্যতম আলোচিত বিষয়।

