২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ২৭ অক্টোবর এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৬ নভেম্বর ২০২৬। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
আরও পড়ুন: আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ নভেম্বর
সোমবার (১৯ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ১৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে http://dgme.teletalk.com.bd ওয়েবসাইটে। ভর্তি পরীক্ষার ফি ৭০০ টাকা, যা অনলাইনে প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন আবেদনের শেষ সময় ৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে ১৫ নম্বর করে এবং সাধারণ জ্ঞান থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।
আরও পড়ুন: নৌবাহিনী কলেজ ঢাকায় প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু, লটারি ১৯ নভেম্বর
ভর্তি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএর দ্বিগুণ হারে ১০ নম্বর এবং ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার নম্বরের ভিত্তিতে জাতীয় মেধাক্রম তৈরি করে প্রার্থী নির্বাচন করা হবে। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীরা সরকারি ও বেসরকারি আইএইচটি এবং ম্যাটসে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না।
একজন প্রার্থী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের যেকোনো একটির জন্য আবেদন করতে পারবেন। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের www.dghs.gov.bd এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের www.mefwd.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।


