রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রভাতী ও দিবা শাখায় শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তির ক্ষেত্রে দুটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা আবেদন করতে পারবে। দ্বিতীয় ক্যাটাগরিতে অন্যান্য ব্যক্তির সন্তানদের আবেদনের সুযোগ রাখা হয়েছে।
আরও পড়ুন: নৌবাহিনী কলেজ ঢাকায় প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু, লটারি ১৯ নভেম্বর
বিজ্ঞপ্তিতে শ্রেণিভেদে বয়সসীমাও নির্ধারণ করা হয়েছে। নার্সারিতে ভর্তির জন্য ন্যূনতম বয়স ৪ বছর, কেজিতে ৫ বছর, প্রথম শ্রেণিতে ৬ বছর, দ্বিতীয় শ্রেণিতে ৭ বছর, তৃতীয় শ্রেণিতে ৮ বছর, চতুর্থ শ্রেণিতে ৯ বছর এবং পঞ্চম শ্রেণিতে ১০ বছর নির্ধারণ করা হয়েছে। ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।
আগামী ১৩ অক্টোবর থেকে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নির্ধারিত ভর্তি পোর্টালের মাধ্যমে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, যা অফেরতযোগ্য।
ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, সকাল ১০টায়। পরীক্ষায় নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের জন্য বিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকবে। শ্রেণিভেদে পরীক্ষার নম্বর ও সময় আলাদা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ নভেম্বর
নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় আবেদনপত্র, জন্মনিবন্ধনের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রতিষ্ঠানের নির্ধারিত অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে অভিভাবকের পরিচয়পত্র ও প্রত্যয়নপত্রও জমা দিতে হবে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে জানা যাবে।
অনলাইন আবেদন: https://casckurmitola.edusoftconsultants.com/OpenPortals/AdmissionPortal
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://casckurmitola.edu.bd



