দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী ১৩ মে সন্ধ্যা থেকে টানা ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রমেঘের সৃষ্টি হয়ে দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী তিন দিন অব্যাহত থাকতে পারে। ঝুঁকিতে রয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।
আরও পড়ুন: বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় সেরা ৪ মাদ্রাসা
অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে তা ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষ করে সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির কারণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি শুরু ১২ মে
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, নদী ও খালসংলগ্ন এলাকায় সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

