কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী (২৩ জুন) উপলক্ষে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: বকেয়া বিদ্যুৎ বিলের দায় ঘুচিয়ে মঙ্গল দাসকে মুক্ত করলেন ডিসি সারওয়ার আলম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি প্রতিরোধে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে সেনাসদস্য মোতায়েন প্রয়োজন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে মিছিল, শোডাউন বা অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা হতে পারে। সরকার এসব কর্মসূচিকে বে-আইনি হিসেবে বিবেচনা করছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
এরই মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কয়েকটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত রোববার (২১ জুন) গাজীপুরে যুবলীগের নেতা-কর্মীদের একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ তল্লাশিচৌকি বসানো হবে। পাশাপাশি মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।
ডিএমপির তথ্যমতে, নিয়মিত পুলিশের পাশাপাশি বিশেষায়িত ইউনিটসহ ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে নাগরিক স্বীকৃতি দিল মিয়ানমার
প্রসঙ্গত, ২০২৫ সালের ১০ মে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে এ সিদ্ধান্তের আইনি ভিত্তি তৈরি করা হয়।

