জনস্বার্থে বিপিসির চেয়ারম্যানের বদলি

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

ছয় মাসের মাথায় বিপিসির চেয়ারম্যান পদ হারালেন রেজানুর রহমান
ছয় মাসের মাথায় বিপিসির চেয়ারম্যান পদ হারালেন রেজানুর রহমান|ছবি: সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

বিপিসির চেয়ারম্যানের একান্ত সচিব ও উপব্যবস্থাপক মো. নিয়াজ মোর্শেদ জানান, আগামীকাল মঙ্গলবার চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের সময়সূচি নির্ধারিত ছিল। তবে এর আগেই তাঁকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে ঠিক কী কারণে তাঁকে পদ থেকে সরানো হয়েছে, সে বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

গত ২ ফেব্রুয়ারি মো. রেজানুর রহমান বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব গ্রহণের প্রায় ছয় মাসের মাথায় তাঁকে নতুন পদায়নের আদেশ দেওয়া হলো।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যান পদে স্নাতক পাস বাধ্যতামূলক করার দাবিতে হাইকোর্টের রুল

দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অঙ্গনে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি। একই সঙ্গে বিপিসিতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে তাঁকে সক্রিয় দেখা যায়। সম্প্রতি শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠার পর নিজের একান্ত সচিব ও বিপিসির উপব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেন তিনি।

তবে তাঁর বদলির সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!