বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানায় ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। নতুন দাম বুধবার রাত ১২টার পর কার্যকর হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক আদেশে ফার্নেস তেলের নতুন দাম ঘোষণা করে বিইআরসি।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং অন্যান্য গ্রাহকের জন্য এ দাম প্রযোজ্য হবে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৯৬ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি। সে হিসাবে আগের দরের তুলনায় এবার দাম বেড়েছে ১১ টাকা ৯২ পয়সা।
আরও পড়ুন: এক ফ্রেমে ফজর-বহর-নহর, ফিরল ‘হাড় কিপ্টে’র স্মৃতি
বিইআরসির আদেশে বলা হয়েছে, ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত ফার্নেস তেলের প্ল্যাটস রেটের গড়, সেপ্টেম্বরে আমদানি করা অপরিশোধিত তেলের সিআইএফ মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
প্ল্যাটস রেট হচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে ব্যবহৃত একটি বাজারদর। আর সিআইএফ মূল্যের মধ্যে পণ্যের দাম, বিমা ও পরিবহন খরচ অন্তর্ভুক্ত থাকে।
বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪ অনুযায়ী কমিশনের ক্ষমতাবলে ফার্নেস তেলের দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি বিপিসি ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর গণশুনানি শেষে ফার্নেস তেলের ভোক্তাপর্যায়ের মূল্য, বিপিসির মজুত ও সরবরাহ চার্জ, বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং সমন্বিত পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করে বিইআরসি।
ওই আদেশে তিন মাস পরপর অথবা প্রয়োজন অনুযায়ী ফার্নেস তেলের দাম সমন্বয়ের সুযোগ রাখা হয়। সেদিন প্রতি লিটার ফার্নেস তেলের দাম ৮৬ টাকা থেকে ১৫ টাকা ৯০ পয়সা কমিয়ে ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
আরও পড়ুন: ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না
এরপর ১২ এপ্রিল দাম এক লাফে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়। ১৮ মে আবার লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে দাম ১১৩ টাকা ৫৪ পয়সায় নেওয়া হয়। ফলে এক মাস ছয় দিনের মধ্যে দুই দফায় ফার্নেস তেলের দাম বাড়ে ৪৩ টাকা ৪৪ পয়সা।
এরপর ৩০ জুন লিটারে ৪ টাকা ৪৪ পয়সা কমিয়ে দাম ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। ৩০ জুলাই আরও ৮ টাকা ৭১ পয়সা কমিয়ে দাম ১০০ টাকা ৩৯ পয়সায় নামানো হয়। এরপর ৬ সেপ্টেম্বর লিটারে আরও ৩ টাকা কমিয়ে দাম ৯৬ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করে বিইআরসি।
এবার অক্টোবরের জন্য সেই দাম থেকে লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ফার্নেস তেলের দাম ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

