পুলিশকে আরও কার্যকর করতে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের

জিটি রিপোর্ট

প্রকাশ:

সেনাবাহিনীকে মাঠ থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত
সেনাবাহিনীকে মাঠ থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত|ছবি: সংগৃহীত

পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, এটি থেমে যায়নি।’

আরও পড়ুন: উদ্দেশ্যপ্রণোদিত মামলা পর্যায়ক্রমে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্ত্রী জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং পুলিশ বাহিনী আবারও কার্যকর ও সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে। জনগণের মধ্যেও পুলিশের প্রতি আস্থা তৈরি হয়েছে। এ কারণে সেনাবাহিনীকে মাঠ থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তবে কীভাবে এই প্রত্যাহার কার্যক্রম বাস্তবায়ন হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে পরিকল্পনা করবে বলে জানান তিনি।

চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, জুয়াড়ি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং প্রতিদিনই দাগি আসামি গ্রেফতার করা হচ্ছে।

আরও পড়ুন: শাপলা চত্বর হত্যাকান্ডের ঘটনায় ৩২ নিহতের পরিচয় শনাক্ত: ট্রাইব্যুনাল

তিনি আরও বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়—তালিকা প্রণয়ন করেই অভিযান পরিচালনা করা হচ্ছে।’ বড় গডফাদারদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের চলমান অভিযানের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, যদিও এ বিষয়ে ভিন্নমত থাকতে পারে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!