লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আইফোন ৬ ভেঙে দিয়েছেন এক শিক্ষক। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে ফোনটি ভাঙা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করে একটি নোটিশ দেওয়া হয়। তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে আসে। পরে সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান ফোনটি উদ্ধার করেন এবং বিদ্যালয়ের মাঠে সেটি ভেঙে ফেলেন।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ
গত ৯ সেপ্টেম্বর দেওয়া ওই নোটিশে বলা হয়, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তা বিনষ্ট করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ১৩ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক পরিধান করে এবং পরিপাটি ও ছোট চুল রেখে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, কোনো শিক্ষার্থীর টিকটক আইডি থাকা কিংবা টিকটকে ভিডিও কনটেন্ট তৈরির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বহিষ্কারসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান বলেন, শৃঙ্খলা রক্ষার্থে একটি ফোন ভেঙে সকল শিক্ষার্থীকে সতর্ক করেছি।
আরও পড়ুন: সরকারি কর্মকর্তাদের চুরি-ঘুষে জনজীবনে নাভিশ্বাস: স্পিকার
তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহার বলেন, আগে নোটিশ দিয়ে শিক্ষার্থী এবং অভিভাবককে সতর্ক করা হয়েছে। বিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে আমাদের এই উদ্যোগ।
এ বিষয়ে কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর ভূঁইয়া বলেন, খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব। এটা আমার জানা নেই।

