সরকারি কর্মকর্তাদের চুরি-ঘুষে জনজীবনে নাভিশ্বাস: স্পিকার

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ|ছবি: সংগৃহীত

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর এবং তাদের ঘুষ ও চরম লুটপাটের কারণেই বর্তমানে জনজীবনে তীব্র নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে প্রশাসনে যে অনিয়ম ও চুরির সংস্কৃতি তৈরি হয়েছে, তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রথম সরকারি সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, দীর্ঘ শাসনকালে আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় কোষাগার পুরোপুরি লুট করেছে। বিদেশি সাহায্যের অর্থ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করে বিদেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে অপরাধীদের বিচার হলেও বাংলাদেশে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তি নিশ্চিত করা হয়নি। দেশে দিনের পর দিন অন্যায়-অবিচারের শিকার হয়েও মানুষ বিচার পাচ্ছে না।

প্রশাসনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাবেক সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা দেশের বিপুল সম্পদ বিদেশে পাচার করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে মহাসড়কে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা উল্লেখ করে তিনি বলেন, লন্ডনেই তাঁর ৩৬০টি বাড়ি ছাড়াও দুবাই ও আমেরিকায় অগাধ সম্পদ রয়েছে—যা জনগণের লুণ্ঠিত অর্থ। এখনো প্রশাসনে তাদের দোসররা বহাল থাকায় অপকর্মের প্রকৃত চিত্র পুরোপুরি জনগণের সামনে আসছে না।

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পূর্ববর্তী সরকারের দ্বিপক্ষীয় নীতিরও সমালোচনা করেন স্পিকার। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে একটি করদ রাজ্য বানিয়ে রাখতে চায়। বিগত ১৬-১৭ বছর ধরে আওয়ামী লীগ দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করেছে।

আরও পড়ুন: সেলিমের ‘সেপারেশন’-এ পরীমণি, সঙ্গে ইমতিয়াজ বর্ষণ

বিভিন্ন অসম চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জাহাজকে বসিয়ে রাখা হয়েছে। নামমাত্র শুল্কে ভারতীয় পণ্য পরিবহনের সুযোগ দেওয়া হয়েছে, যা দেশীয় ব্যবসায়ীদের মারাত্মক ক্ষতি করছে।

সীমান্ত হত্যারও তীব্র প্রতিবাদ জানান হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিশ্বের অন্য কোনো সীমান্তে এমন ঘটনা না ঘটলেও বাংলাদেশে প্রতিদিন নিরীহ মানুষ সীমান্তে হত্যার শিকার হচ্ছে।

ক্ষমতা টিকিয়ে রাখা এবং নিজেদের ভাগ্য গড়ার জন্য বিগত আওয়ামী লীগ সরকার দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অন্যের হাতে তুলে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!