শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

জিটি রিপোর্ট

প্রকাশ:

এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা|ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত এবং বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করবেন তারা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন। কর্মসূচি ঘোষণা শেষে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা

একই সময়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়ও বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেওয়ায় সেখানে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তারা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’, ‘অ্যাকশন, অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো শুধু রাজধানীর নয়, দেশের সব কলেজের শিক্ষার্থীর স্বার্থে উত্থাপন করা হয়েছে। তাদের ভাষ্য, চলমান দুর্যোগে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা সমানভাবে পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: প্রশ্নে ভুলের দায় স্বীকার, পূর্ণ নম্বর পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

তাদের তিনটি প্রধান দাবি হলো—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল পৌনে ৪টার দিকে আন্দোলনকারীরা আবারও রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

প্রসঙ্গত, সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কলেজ নেটওয়ার্ক’ নামের একটি ফেসবুক পেজে প্রথম এ কর্মসূচির প্রচারপত্র প্রকাশ করা হয়। পরে বিভিন্ন কলেজভিত্তিক ফেসবুক পেজেও তা ছড়িয়ে দেওয়া হয়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!