আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের ই-মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্মতি জানাতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে সংশ্লিষ্ট ভোটারদের নোটিফিকেশন পাঠানো হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের মধ্যে যারা এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে Postal Vote BD App-এ নিবন্ধন করেছিলেন, তাদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন দেওয়া হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে গেলেও ফেনীতে প্রস্তুতি অব্যাহত
১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণের সম্মতি পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে।
এ ছাড়া প্রবাসে বসবাসরত ঠাকুরগাঁও-১ আসনের যেসব ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় Postal Vote BD App-এ নিবন্ধন করেননি, তারাও নতুন করে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।
আরও পড়ুন: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে
ইসি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

