বাংলা নাটক ও চলচ্চিত্রের এক অনন্য নাম ডলি জহুর। কখনো মমতাময়ী মা, কখনো প্রতিবাদী গৃহিণী, আবার কখনো মধ্যবিত্ত পরিবারের চিরচেনা ‘নিলু ভাবী’—প্রতিটি চরিত্রেই তিনি হয়ে উঠেছেন দর্শকের আপনজন। আজ (১৭ জুলাই) এই কিংবদন্তি অভিনেত্রীর ৭৩তম জন্মদিন।
ডলি জহুরের অভিনয়জীবনের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন। ১৯৭৪-৭৫ সালের দিকে সমাজবিজ্ঞান বিভাগের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় প্রতিভার প্রকাশ ঘটে। পরে নাট্যব্যক্তিত্ব ম. হামিদের হাত ধরে যুক্ত হন ‘নাট্যচক্র’-এ। সেখান থেকে শুরু হয় তার মঞ্চাভিনয়ের আনুষ্ঠানিক যাত্রা। এরপর স্বামী জহুরুল ইসলামের সঙ্গে ‘কথক নাট্যগোষ্ঠী’ এবং পরে ‘বাংলা থিয়েটার’ ও ‘আরণ্যক’-এ অভিনয় করে মঞ্চে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন।
আরও পড়ুন: বন্যার পর মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান স্পর্শিয়ার
১৯৮৫ সালে হুমায়ূন আহমেদের লেখা ও মোস্তাফিজুর রহমান পরিচালিত ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’-তে ‘নিলু ভাবী’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন ডলি জহুর। পরবর্তীতে হুমায়ূন আহমেদের ‘জননী’ নাটকেও তার অভিনয় দর্শকদের গভীরভাবে আলোড়িত করে।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও সমান সাফল্য পেয়েছেন তিনি। অভিনয় করেছেন ১৬০টিরও বেশি সিনেমায়। ১৯৯২ সালে ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রে ‘রাবেয়া’ চরিত্রে অভিনয়ের জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরে ‘ঘানি’ চলচ্চিত্রে ‘রোকেয়া’ চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
আরও পড়ুন: আজ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘দ্য ওডিসি’, থাকছে স্টার সিনেপ্লেক্সেও
অভিনয়ে দীর্ঘ ও গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা লাভ করেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের প্রতি নিষ্ঠা, বৈচিত্র্যময় চরিত্র নির্বাচন এবং অনবদ্য অভিনয়শৈলীর মাধ্যমে ডলি জহুর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলা অভিনয়জগতের অন্যতম কিংবদন্তি হিসেবে। জন্মদিনে এই গুণী অভিনেত্রীর প্রতি রইল শুভেচ্ছা ও শ্রদ্ধা।
