‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’—সালমান শাহকে শাবনূরের স্মরণ

জিটি ডেস্ক

প্রকাশ:

প্রয়াণ দিবসে শাবনূরের আবেগঘন বার্তা
প্রয়াণ দিবসে শাবনূরের আবেগঘন বার্তা|ছবি: সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম প্রয়াণ দিবসে তাকে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান শাহর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দেন তিনি। শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…।’

দীর্ঘ তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর স্মৃতি নিজের হৃদয়ে অমলিন বলে জানান তিনি। দর্শকের স্বপ্নের নায়ক হিসেবে সালমান আজও স্মৃতি ও ভালোবাসার মধ্য দিয়ে বেঁচে আছেন বলেও উল্লেখ করেন শাবনূর। সালমানের অকালমৃত্যুতে দেশের চলচ্চিত্রে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি বলে মনে করেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: পর্দা থেকে ভক্তদের হৃদয়ে, ৩০ বছর পরও অমর সালমান শাহ

সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও সালমানের জনপ্রিয়তা ও অভিনয়ের আবেদন দর্শকের কাছে আগের মতোই রয়েছে। প্রয়াণ দিবসে শাবনূর লিখেছেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘আনন্দ অশ্রু’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা তাকে নব্বইয়ের দশকের অন্যতম শীর্ষ নায়কে পরিণত করে।

আরও পড়ুন: ওং কার-ওয়াইয়ের সিনেমার ফ্রেমে মেহজাবীন-রাজীব

সালমান শাহর সঙ্গে শাবনূরের জুটিও ছিল দর্শকপ্রিয়। তাঁদের পর্দার রসায়ন নব্বইয়ের দশকের চলচ্চিত্রে আলাদা অবস্থান তৈরি করে। অভিনয়ের পাশাপাশি পোশাক, চুলের স্টাইল, সানগ্লাস ও নানা ফ্যাশন অনুষঙ্গেও সালমান শাহর প্রভাব এখনো দর্শকদের মধ্যে দেখা যায়।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!