মৃত্যু, কালোজাদু আর অন্ধকার রহস্যে ভরা নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে ছিলেন সিয়াম আহমেদ। টিজারে তাঁর চরিত্রকে ঘিরে তৈরি হওয়া সেই রহস্যের কিছুটা এবার নিজেই উন্মোচন করলেন এই অভিনেতা। প্রকাশ করলেন নতুন লুক এবং জানালেন তাঁর চরিত্রের নাম—‘দেলোয়ার’।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে সিনেমাটির ফার্স্ট লুক টেস্টের কয়েকটি ছবি শেয়ার করেন সিয়াম। ছবিতে গাঢ় লাল আলোর আবহে একেবারেই অচেনা রূপে দেখা গেছে তাঁকে। ঘন দাড়ি, এলোমেলো চুল, গাঢ় রঙের কোট এবং হাতে জ্বলতে থাকা সিগারেট—সব মিলিয়ে চরিত্রটিকে ঘিরে তৈরি হয়েছে রহস্যময় আবহ।
আরও পড়ুন: ৭৩-এ সাবিনা ইয়াসমিন, কণ্ঠের জাদুতে এখনো অমলিন
এর আগের দিন প্রকাশিত ‘আন্ধার’-এর টিজারেও সিয়ামকে নানা রূপে দেখা যায়। কখনো লাশের সামনে দাঁড়িয়ে, কখনো মারমুখী অ্যাকশন দৃশ্যে হাজির হন তিনি। বিশেষ করে টিজারের শেষভাগে তাঁর জ্বলজ্বলে নীল চোখের চাহনি দর্শকদের মনে আরও প্রশ্ন তৈরি করে। এবার ‘দেলোয়ার’ লুক প্রকাশের পর সেই আগ্রহ যেন আরও বেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঘরে সিয়ামের নতুন অবতারের প্রশংসা করেছেন অনেক দর্শক। পাশাপাশি রায়হান রাফী ও সিয়ামের জুটির নতুন কাজ নিয়েও তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা।
আরও পড়ুন: বাসযাত্রায় নতুন গল্প, আবারও জুটি ইরফান-সাদিয়া
শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত ‘আন্ধার’-এ সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিন।
বড় বাজেটের ভৌতিক সিনেমা হিসেবে আলোচিত ‘আন্ধার’ চলতি বছরের অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। টিজার ও সিয়ামের নতুন লুকের পর এখন দর্শকের অপেক্ষা—‘দেলোয়ার’ চরিত্রে ঠিক কী রহস্য নিয়ে পর্দায় হাজির হন সিয়াম।

