আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রী স্নিগ্ধার মামলা

জিটি ডেস্ক

প্রকাশ:

‘হাত-পা বেঁধে নির্যাতন’—ব্যবসায়ীর বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার অভিযোগ
‘হাত-পা বেঁধে নির্যাতন’—ব্যবসায়ীর বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার অভিযোগ|ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনের চুক্তির প্রস্তাবের কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রের অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে রোববার (২৬ জুলাই) রাতে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করেছেন তিনি।

স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ, একটি প্রতিষ্ঠানের এক বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট নিয়ে আলোচনার জন্য ইমন নামের এক ব্যক্তির মাধ্যমে তাকে আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের কার্যালয়ে নেওয়া হয়। শুরুতে তার সঙ্গে মা থাকলেও পরে তিনি চলে গেলে পরিস্থিতির পরিবর্তন হয়।

আরও পড়ুন: স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘ঠিকানা বাংলাদেশ’, প্রকাশ্যে প্রথম পোস্টার

অভিনেত্রীর দাবি, তাকে অন্য এক নারী ‘জেবা তাকিয়া’ ভেবে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী, ওই নারী আগে তার সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন বলে ধারণা করে ভুলবশত তার ওপর ক্ষোভ ঝাড়েন। স্নিগ্ধা অভিযোগ করেন, তাকে একটি কক্ষে আটকে রেখে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন। এছাড়া চুল টেনে ধরা, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা, গরম কফি ঢেলে দেওয়া এবং ছুরি দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকির অভিযোগও করেন তিনি।

আরও পড়ুন: ‘দেশ বদলাতে হলে আগে মানুষ বদলাতে হবে’—আফজাল হোসেন

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী বলেন, তার বাবা-মা কখনো তাকে আঘাত করেননি, অথচ ওই ঘটনায় তিনি শারীরিকভাবে আহত হয়েছেন। তিনি আরও বলেন, যদি কোনো অপরাধ করতেন, তবে আইন অনুযায়ী শাস্তি মেনে নিতেন। কিন্তু অন্য কাউকে ভেবে তার ওপর এমন আচরণ কেন করা হলো, সেই প্রশ্নই এখন তার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন স্নিগ্ধা চৌধুরী।

এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য বা প্রতিক্রিয়া এখনো প্রকাশ্যে জানা যায়নি। অভিযোগের বিষয়টি তদন্তাধীন এবং আদালতের মাধ্যমে এর সত্যতা নির্ধারিত হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!