বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯৭১ সালের ২৫ জুলাই শুধু একটি তারিখ নয়, ক্রীড়াঙ্গনেরও এক গৌরবময় অধ্যায়। সেদিন স্বাধীনতার পক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহের লক্ষ্যে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। সেই ইতিহাসই এবার বড় পর্দায় তুলে আনছেন নির্মাতা অনম বিশ্বাস।
বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা শুরু করেছেন তিনি ২৫ জুলাইকেই স্মরণীয় দিন হিসেবে বেছে নিয়ে। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। পোস্টারে লাল-সবুজের পতাকা, যুদ্ধবিমান, ধোঁয়ায় আচ্ছন্ন যুদ্ধক্ষেত্র এবং ফুটবল হাতে দৃঢ়চেতা এক ফুটবলারের অবয়ব মুক্তিযুদ্ধের আবহকে শক্তিশালীভাবে তুলে ধরেছে।
আরও পড়ুন: ‘দেশ বদলাতে হলে আগে মানুষ বদলাতে হবে’—আফজাল হোসেন
পোস্টারের মুখ হয়েছেন অভিনেতা রেজওয়ান পারভেজ, যিনি সম্প্রতি ‘চা গরম’ ও ‘লাইফলাইন’ ওয়েব কনটেন্টে অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন। পোস্টারের সঙ্গে অনম বিশ্বাস লেখেন, “অনেক ঝড়-ঝঞ্ঝার ভেতর দিয়ে ‘ঠিকানা বাংলাদেশ’ প্রায় শেষের পথে। ২৫ জুলাই, ২০২৬ থেকে আমরা দর্শকদের সঙ্গে কথা বলা শুরু করছি।
১৯৭১ সালের এই দিনেই এক রক্তগরম ফুটবল ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প। প্রথমবারের মতো দেশের বাইরে উড়েছিল লাল-সবুজের পতাকা।” জানা গেছে, সিনেমাটির প্রাথমিক নাম ছিল ‘ফুটবল-৭১’।
আরও পড়ুন: ‘সব শেষ’ ভেবেও ঘুরে দাঁড়িয়েছি: আবেগঘন বার্তায় বাঁধন
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটির চিত্রনাট্যও লিখেছেন অনম বিশ্বাস। দীর্ঘ দেড় বছরের গবেষণার ভিত্তিতে নির্মিত এই চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের আলোচিত অধ্যায়কে বাস্তবসম্মতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। এর আগে নির্মাতা জানিয়েছিলেন, দর্শক যেন ছবিটি দেখে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের ‘মুক্তির গান’-এর মতোই বাস্তব অনুভূতি পান, সেটিই তার মূল লক্ষ্য।
‘ঠিকানা বাংলাদেশ’-এ দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়াকে। এছাড়া অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।

