বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার সংগীতযাত্রায় যুক্ত হলো এক বিশেষ স্বীকৃতি। তাদের কণ্ঠ ও পরিবেশনায় মুগ্ধ হয়েছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। শুধু প্রশংসাই নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও তাদের পরিবেশনার ভিডিও শেয়ার করেছেন তিনি।
শুভ ও নন্দিতা যৌথভাবে ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি মিউজিক প্রজেক্ট পরিচালনা করছেন। গত দেড় বছর ধরে পুরোনো জনপ্রিয় গান নতুন আঙ্গিকে পরিবেশন করে তারা সংগীতপ্রেমীদের নজর কাড়ছেন।
আরও পড়ুন: অভিযোগ অস্বীকার, আইনি লড়াইয়ের ঘোষণা তানজিন তিশার
সম্প্রতি এ আর রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুনভাবে কভার করেন এই দুই শিল্পী। সেই পরিবেশনাই পৌঁছে যায় কিংবদন্তি এই সংগীত পরিচালকের কাছে। গানটি শুনে মুগ্ধ হয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেন রহমান।
এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শুভ বলেন, “ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। যার কাজ আমাকে অনুপ্রাণিত করেছে, তিনিই আমাদের গান শুনে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন—এটা সত্যিই অসাধারণ অনুভূতি।”
আরও পড়ুন: পূজা চেরির নীরব বাগদান নিয়ে শোবিজে নতুন গুঞ্জন
অন্যদিকে নন্দিতা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট প্রকাশ করে লেখেন, “আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।”
কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘বুলবুলি’-র মাধ্যমে ব্যাপক পরিচিতি পান সানজিদা মাহমুদ নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভেন্দু দাশ শুভ। এরপর থেকে তাদের যৌথ সংগীতচর্চা নিয়মিত প্রশংসা কুড়িয়ে আসছে। এবার এ আর রহমানের স্বীকৃতি সেই যাত্রায় যোগ করল নতুন এক অনুপ্রেরণা।

