অভিযোগ অস্বীকার, আইনি লড়াইয়ের ঘোষণা তানজিন তিশার

জিটি ডেস্ক

প্রকাশ:

মামলার বিষয়ে প্রথমবার প্রকাশ্যে কথা বললেন অভিনেত্রী তানজিন তিশা।
মামলার বিষয়ে প্রথমবার প্রকাশ্যে কথা বললেন অভিনেত্রী তানজিন তিশা।|ছবি: সংগৃহীত

দীর্ঘদিন নীরব থাকার পর নিজের বিরুদ্ধে দায়ের হওয়া প্রতারণার মামলা নিয়ে প্রথমবার প্রকাশ্যে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি কেনা ও প্রচারণা সংক্রান্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করবেন।

গত ১২ জুলাই ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার এজাহার অনুযায়ী, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৯ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তিশা। অভিযোগে বলা হয়েছে, শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের শর্ত থাকলেও পরে তিনি আর যোগাযোগ করেননি। এ ঘটনায় ২০২৫ সালের নভেম্বরে পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেন।

আরও পড়ুন: পূজা চেরির নীরব বাগদান নিয়ে শোবিজে নতুন গুঞ্জন

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানান তিশা। তিনি বলেন, “আমি এই ইন্ডাস্ট্রিতে ১২ থেকে ১৪ বছর ধরে কাজ করছি। ২৭ হাজার টাকার একটি শাড়ির জন্য আমি আমার ক্যারিয়ার বা সম্মান নষ্ট করব—এটা বিশ্বাসযোগ্য নয়।”

তিনি আরও দাবি করেন, সিনেমার শুটিং শুরুর পরপরই তিনি আইনি নোটিশ পান এবং অল্প সময়ের মধ্যেই মামলা করা হয়। তার ভাষায়, “কেউ যখন ওপরে উঠতে চায়, তখন কিছু মানুষ পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে। আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে বলে মনে হয়েছে।”

আরও পড়ুন: ৭৩-এ ডলি জহুর, অভিনয়ের পাঁচ দশকের উজ্জ্বল পথচলা

তবে মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে তিশা জানান, তিনি আদালতেই নিজের অবস্থান তুলে ধরবেন এবং আইনি প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা রাখছেন। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ শিগগিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!