বলিউড থেকে ফুটবল মাঠে, পেশাদার অভিষেকের অপেক্ষায় টাইগার শ্রফ

জিটি ডেস্ক

প্রকাশ:

ডুরান্ড কাপে মুম্বাই এফসির জার্সিতে দেখা যেতে পারে টাইগার শ্রফকে
ডুরান্ড কাপে মুম্বাই এফসির জার্সিতে দেখা যেতে পারে টাইগার শ্রফকে|ছবি: সংগৃহীত

রুপালি পর্দায় অ্যাকশন আর দুর্দান্ত ফিটনেস দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বহুবার। এবার সেই দক্ষতার নতুন পরীক্ষা দিতে যাচ্ছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। অভিনয়ের পাশাপাশি এবার পেশাদার ফুটবলেও অভিষেকের দ্বারপ্রান্তে এই তারকা। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই ভারতের ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে মুম্বাই এফসির জার্সিতে মাঠে নামতে পারেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাই এফসির সহ-মালিক জোহেব আমরানি জানিয়েছেন, টাইগার ইতোমধ্যেই ক্লাবে নিবন্ধিত হয়েছেন এবং নিয়মিত দলের সঙ্গে অনুশীলন করছেন। শিলংয়ে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের একটি ম্যাচে তাঁকে দলের সঙ্গে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: সাকিবকে ছাড়িয়ে ফেসবুকের নতুন ‘কুইন’ পরীমনি

জোহেব বলেন, টাইগারের মতো জনপ্রিয় তারকাকে নিয়ে মাঠে নামতে হলে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে হচ্ছে। কারণ দ্বিতীয় ও তৃতীয় সারির শহরগুলোতে তাঁকে ঘিরে দর্শকদের ব্যাপক ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে। সামাজিক গাযোগমাধ্যমের চাপও মাথায় রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে। তবে সবকিছু ঠিক থাকলে তিনি দলের হয়ে একটি ম্যাচে খেলবেন।

২০২৪ সালে মুম্বাই এফসি প্রতিষ্ঠার সময় থেকেই ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন টাইগার শ্রফ। নিয়মিত অনুশীলন করলেও এবারই প্রথম প্রতিযোগিতামূলক ফুটবলে নামার সুযোগ পাচ্ছেন তিনি। টাইগারের ফুটবল প্রতিভা প্রথম আলোচনায় আসে ২০২৩ সালের একটি ইনফ্লুয়েন্সারস ফুটবল লিগে। সেখানে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে জোহেব আমরানির।

আরও পড়ুন: বাংলাদেশে এক দিন আগেই আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

তিনি জানান, শুধু বল নিয়ন্ত্রণ নয়, খেলার কৌশলগত দিকেও টাইগারের ভালো ধারণা রয়েছে। এরপরই তাঁকে ক্লাবের অনুশীলনে আমন্ত্রণ জানানো হয়। ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৫তম আসর শুরু হয়েছে ২৫ জুলাই।

মুম্বাই এফসি তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ৩, ৮ ও ১১ আগস্ট। এই তিন ম্যাচের যেকোনো একটিতে বলিউড তারকা টাইগার শ্রফের পেশাদার ফুটবল অভিষেক দেখার অপেক্ষায় এখন ভক্তরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!