সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর তালিকায় দীর্ঘদিন শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এবার এক নম্বরে উঠে এসেছেন তিনি।
বর্তমানে পরীমনির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে ফেসবুকে বাংলাদেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন পরীমনির দখলে।
আরও পড়ুন: বাংলাদেশে এক দিন আগেই আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
শুধু অভিনয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বরাবরই বেশ সক্রিয় এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, ছেলে-মেয়ের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ, ফটোশুট এবং নতুন কাজের আপডেট নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এই সরাসরি যোগাযোগই তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছে বলে মনে করেন অনেকেই।
পরীমনির ভাষ্য, দর্শক-ভক্তদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমকে তিনি ভক্তদের সঙ্গে হৃদ্যতার একটি সেতুবন্ধন হিসেবে দেখেন। তাই ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত অকপটে তুলে ধরেন নিজের ফেসবুক পেজে।
আরও পড়ুন: স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘ঠিকানা বাংলাদেশ’, প্রকাশ্যে প্রথম পোস্টার
অবশ্য ফেসবুক অনুসারীর সংখ্যায় পরীমনি ও সাকিব আল হাসানের মধ্যে এর আগেও কয়েকবার পালাবদল হয়েছে। কখনো শীর্ষে ছিলেন সাকিব, আবার কখনো এগিয়ে গেছেন পরীমনি। তবে এবার ব্যবধান আরও বাড়িয়ে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক জনপ্রিয়তার শীর্ষ আসন নিজের করে নিলেন এই চিত্রনায়িকা।

