দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

জিটি ডেস্ক

প্রকাশ:

ফিরে আসার গল্প’ দিয়েই শিমুর নতুন যাত্রা
ফিরে আসার গল্প’ দিয়েই শিমুর নতুন যাত্রা|ছবি: সংগৃহীত

একসময় ছোট পর্দার নিয়মিত ও জনপ্রিয় মুখ ছিলেন সুমাইয়া শিমু। একক ও ধারাবাহিক—দুই ধরনের নাটকেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তবে ব্যক্তিগত কারণে দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত ছিলেন এই অভিনেত্রী।

মাঝে নুহাশ হুমায়ূনের ওয়েব অ্যান্থলজি ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্বে অভিনয়ের মাধ্যমে পর্দায় ফেরেন শিমু। তখনই তিনি জানিয়েছিলেন, ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন। সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে এবার।

আরও পড়ুন: বাংলাদেশি দুই শিল্পীর গানে মুগ্ধ এ আর রহমান

দীর্ঘ বিরতির পর নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন সুমাইয়া শিমু। নাটকটি নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে ‘রুকাইয়া’ চরিত্রে দেখা যাবে তাকে। বৃহস্পতিবার নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট শিমুর প্রথম লুক প্রকাশ করেছে।

তবে নাটকের গল্প কিংবা নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন অভিনেত্রী। একইভাবে নির্মাতা রাজও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। জানা গেছে, বর্তমানে নাটকটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। আগামী মাস থেকে ক্যামেরার সামনে দাঁড়াবেন শিল্পীরা। ধাপে ধাপে নাটকের অন্যান্য অভিনয়শিল্পীদের নামও প্রকাশ করা হবে।

আরও পড়ুন: পূজা চেরির নীরব বাগদান নিয়ে শোবিজে নতুন গুঞ্জন

সুমাইয়া শিমুর অভিনয়জীবনে ‘হাউজফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিক নাটক রয়েছে। ফলে নতুন এই নাটকের মাধ্যমে তার প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!