দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। দুই বাংলার দর্শকদের কাছে পরিচিত এই অভিনেত্রী এবার নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন চলচ্চিত্র ‘গুলশানের চামেলি’-র মাধ্যমে ঢালিউডে অভিষেক করতে চলেছেন। যদিও সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বাংলাদেশে কাজ করার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মধুমিতা।
আরও পড়ুন: আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রী স্নিগ্ধার মামলা
তিনি জানান, অনেক দিন ধরেই বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা ছিল। নানা কারণে সেই সুযোগ হয়ে ওঠেনি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নতুন এই যাত্রা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। তাঁর ভাষ্য, বাংলাদেশের দর্শক ও নির্মাতাদের সঙ্গে কাজ করার আগ্রহ সবসময়ই ছিল। খুব শিগগিরই ঢাকায় এসে ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি।
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মধুমিতা সরকার। এরপর ‘কেয়ার করি না’, চিনি সহ একাধিক সিনেমা ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জনপ্রিয়তা ঈর্ষণীয়। সম্প্রতি ওটিটি এবং চলচ্চিত্রে নিয়মিত কাজ করে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘ঠিকানা বাংলাদেশ’, প্রকাশ্যে প্রথম পোস্টার
এবার বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর অভিষেক দুই বাংলার দর্শকদের জন্যও নতুন এক আগ্রহের বিষয় হয়ে উঠেছে। সবকিছু ঠিক থাকলে ‘গুলশানের চামেলি’ দিয়েই ঢালিউডে নতুন অধ্যায় শুরু করবেন মধুমিতা সরকার।
প্রথম বাংলাদেশি সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, এখন সেই অপেক্ষাই দুই বাংলার সিনেমাপ্রেমীদের।
