দুই যুগ আগের বাড়ি দখলের ঘটনা, স্পষ্ট করলেন দিলারা জামান

জিটি ডেস্ক

প্রকাশ:

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান।
বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান।|ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে সম্প্রতি আলোচনায় আসে কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের বিষয়টি। তবে ঘটনাটি সাম্প্রতিক নয় বলে জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। তার ভাষ্য, প্রায় দুই যুগ আগে শ্যামলীতে তার বাবার দেওয়া জমিতে নির্মিত বাড়িটি দখলের ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন: ওং কার-ওয়াইয়ের সিনেমার ফ্রেমে মেহজাবীন-রাজীব

সম্প্রতি একটি সাক্ষাৎকারের অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সেখানে দিলারা জামান জানিয়েছিলেন, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। পরে দেনা পরিশোধের জন্য বাড়িটি ভাড়া দিলেও ভাড়ার টাকা না পাওয়ায় একপর্যায়ে ভাড়াটিয়া বাড়িটি দখল করে নেয়।

তবে সাক্ষাৎকারে পুরো বিষয়টি পরিষ্কার না থাকায় অনেকের মধ্যে ধারণা তৈরি হয়, ঘটনাটি বুঝি সাম্প্রতিক সময়ের। পরে বিষয়টি স্পষ্ট করে দিলারা জামান সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি প্রায় ২০ থেকে ২৪ বছর আগের।

আরও পড়ুন: সালমান শাহ স্মরণে বিএফডিসিতে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী

তার দাবি, জমির সব কাগজপত্র সঠিকভাবে সংরক্ষিত থাকায় আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই তিনি জমিটি বুঝে পান। জমিটি ফিরে পাওয়ার পর সেটি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন এই অভিনেত্রী। বর্তমানে সেখানেই বসবাস করছেন তিনি।

দিলারা জামান জানান, শ্যামলীর সেই জমিতে বর্তমানে দশতলা একটি অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট থাকার কথাও জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!