সাফল্যের আলোয় দাঁড়িয়ে ফেলে আসা দিনের হিসাব কষছেন অভিনেত্রী ও উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। জীবনের কোন সময়ে কোথায় ভুল হয়েছে, তা নিয়ে নিজের ভেতরেই চলছে আত্মবিশ্লেষণ। আর সেই উপলব্ধি থেকেই সময় থাকতে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথা বললেন তিনি।
আরও পড়ুন: সালমান শাহ হত্যা মামলায় ডন কারাগারে
সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের ভাবনার কথা জানান নাবিলা। সেখানে তিনি লেখেন, ‘আজকাল খুব সেলফ রিফ্লেকশন হয়। প্রায়ই ভাবি, জীবনে কখন, কোথায় ভুল করেছি।’ তবে সব ভুলের দায় একা নিজের নয়—এ কথাও মনে করেন নাবিলা। তার ভাষায়, অনেক ভুলের পেছনে পরিস্থিতি কিংবা অন্যের ভূমিকা থাকতে পারে। কিন্তু কোনো ভুলে নিজের দায় থাকলে সেটি স্বীকার করে নেওয়াকেই গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
নাবিলার উপলব্ধি, ভুল হয়ে থাকলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কারণ জীবনের সময় খুব সীমিত। পরে যেন আফসোস না হয়, সময় থাকতে কারও কাছে ক্ষমা চাওয়ার সুযোগটি নেওয়া হয়নি। নিজের এই উপলব্ধির সঙ্গে ভক্তদেরও যুক্ত করেছেন নাবিলা। পোস্টের শেষে তিনি প্রশ্ন রেখেছেন—‘আপনারও কি এরকম আত্ম-উপলব্ধি হয়?’ তার সেই প্রশ্নে সাড়া দিয়ে অনেকেই নিজেদের জীবনের অভিজ্ঞতা ও উপলব্ধির কথা জানিয়েছেন।
আরও পড়ুন: জীবনে অনেক ভুল করেছি’—অতীতের সিদ্ধান্ত নিয়ে শাকিব খানের আক্ষেপ
উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন নাবিলা। কাজ ও চরিত্র নির্বাচনে বরাবরই সচেতন এই অভিনেত্রীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘বনলতা সেন’ সিনেমায়। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে কবির ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার। কাজের ব্যস্ততার বাইরে নাবিলার এবারের কথাগুলো যেন নিজের জীবনের দিকে ফিরে তাকানোরই এক আমন্ত্রণ—ভুল থাকলে স্বীকার করা, প্রয়োজন হলে ক্ষমা চাওয়া, আর সময় থাকতে সম্পর্কগুলোকে যত্ন নেওয়া।

