স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। এসব পোস্টে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওমর সানী। পরিবার নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, “আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন।” এসব পোস্ট সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের ২৪ ঘণ্টার সময়সীমাও দিয়েছেন এই অভিনেতা।
আরও পড়ুন: বিচ্ছেদের গুঞ্জনে সাবিলা নূর, এখনো মেলেনি আনুষ্ঠানিক বক্তব্য
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে নিয়ে মাকে যুক্তরাষ্ট্রের বাসা থেকে বের করে দিয়েছেন। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ওমর সানী। অভিনেতার ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবর সত্য নয় বলে জানান ওমর সানী।
পরিবার নিয়ে এমন আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। এর আগে একই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান জানান ফারদিনও। তাঁর অভিযোগ, মাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
আরও পড়ুন: শাকিবের ‘মহব্বত’ দিয়ে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক রাকিবের
সংশ্লিষ্ট পেজগুলোকে পোস্ট সরিয়ে নেওয়ার সময়সীমা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ছেলের সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন ওমর সানী। পরিবারকে নিয়ে ছড়িয়ে পড়া এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে এ ধরনের প্রচার বন্ধ না হলে আইনি পথে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন অভিনেতা।

