একসময় নাটক ও টেলিফিল্মে নিয়মিত উপস্থিতি ছিল সাদিয়া জাহান প্রভার। সময়ের সঙ্গে পেরিয়েছেন নানা উত্থান-পতন। এখন অভিনয়ের পাশাপাশি নিজের পেশাগত জীবনে নতুন অধ্যায় গড়েছেন এই অভিনেত্রী। গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। তাঁর কাছে অভিনয় এখন আর প্রধান পেশা নয়, বরং দ্বিতীয় পছন্দ।
অভিনয়ে নিয়মিত হওয়ার তাড়াও নেই প্রভার। ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং উপযুক্ত সম্মানী পেলে তবেই কাজে যুক্ত হতে চান তিনি। এরই মধ্যে সরকারি অনুদানের দুটি সিনেমায় অভিনয় করেছেন—ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ ও সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। দুটি ছবিরই কিছু অংশের শুটিং বাকি রয়েছে, যা চলতি বছরের মধ্যে শেষ হওয়ার কথা।
আরও পড়ুন: উৎসবের মঞ্চে ‘দেলুপি’র জয়যাত্রা
প্রভা বলেন, ‘সিনেমা দুটির গল্প ও আমার চরিত্র পছন্দ হয়েছে বলে এর সঙ্গে যুক্ত হয়েছি। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে।’ সম্প্রতি মোশাররফ করিমের সঙ্গে ‘লুক আ লাইক’ এবং আহমেদ শাকিল নিসানের ‘বর্তমান’ নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। পাশাপাশি এনটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘পরের মেয়ে’তেও দেখা যাচ্ছে তাঁকে।
প্রভার ব্যক্তিজীবনেও এসেছে নানা ঝড়। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করার পর তাঁদের বিচ্ছেদ ঘটে ২০১১ সালে। পরে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করলেও সেই সংসার টেকেনি। এসব ঘটনার পর কিছু সময় অভিনয় থেকে দূরে থাকলেও পরে আবার ক্যামেরার সামনে ফেরেন। ‘সিকান্দার বক্স’ সিরিজসহ বিভিন্ন নাটকে অভিনয় করে নিজের অবস্থান ফিরে পান।
আরও পড়ুন: পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
অতীতের অভিজ্ঞতা পেছনে ফেলে এখন নিজের পছন্দ ও শর্তকে গুরুত্ব দিচ্ছেন প্রভা। অভিনয় চালিয়ে যেতে চান, তবে কাজের সংখ্যা নয়—গল্প, চরিত্র ও কাজের পরিবেশই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

