অভিনয়ের পর এবার গানের মঞ্চে অপূর্ব, নিউইয়র্কে একক কনসার্ট

জিটি ডেস্ক

প্রকাশ:

গিটার থেকে গ্র্যান্ড স্টেজ, এবার একক কনসার্টে অপূর্ব
গিটার থেকে গ্র্যান্ড স্টেজ, এবার একক কনসার্টে অপূর্ব|ছবি: সংগৃহীত

টিভি নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্বকে দর্শক বরাবরই অভিনেতা হিসেবেই চিনে এসেছে। তবে ঘনিষ্ঠ আড্ডা কিংবা বিশেষ অনুষ্ঠানে তাঁর গান গাওয়ার দক্ষতাও কম পরিচিত নয়। এবার সেই ভালোবাসাকেই আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছেন তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করতে যাচ্ছেন নিজের একক সংগীতানুষ্ঠান ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’।

আগামী ২৫ জুলাই নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা ধরে নিজের কণ্ঠে জনপ্রিয় বিভিন্ন গান পরিবেশন করবেন অপূর্ব।

আজ আনুষ্ঠানিকভাবে কনসার্টের ভেন্যু ও টিকিটের মূল্যও ঘোষণা করা হবে।

আরও পড়ুন: তাহসানের প্রত্যাবর্তন, তবে অভিনেতা বা গায়ক হিসেবে নয়

গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি নিয়ে নানা আলোচনা চললেও এতদিন এ বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। অবশেষে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বর্তমানে স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা ও কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রেই সময় কাটাচ্ছেন অপূর্ব। ২০২১ সালে বিয়ের পর থেকে বছরের বড় একটি সময় তিনি পরিবার নিয়ে সেখানেই থাকেন। ফলে সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও দেশে ফিরলেই নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

আরও পড়ুন: রোনালদোর দেশে বাংলা কনসার্ট, রকস্টার জেমসের সঙ্গে পারফর্ম করবেন জায়েদ খান

সম্প্রতি সালেহ সোবহান অনীম পরিচালিত ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ সাংবাদিক জহির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে ‘গোলাম মামুন ২’-এর শুটিংয়ে অংশ নেবেন অপূর্ব। অভিনয়ে দর্শকদের মুগ্ধ করার পর এবার গান দিয়ে প্রবাসী বাঙালিদের হৃদয় ছুঁতে কতটা সফল হন, সেটাই এখন দেখার অপেক্ষা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!