গানের মানুষ তিনি। সুরে-শব্দে ভালোবাসা, অভিমান আর জীবনের গল্পই তুলে ধরেছেন বছরের পর বছর। তবে এবার নিজের ব্যক্তিজীবনের এক অধ্যায় নিয়ে অকপটে কথা বললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। জানালেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তাঁর প্রথম বিয়ে। যদিও সেই অতীত নিয়ে আর কোনো আলোচনা করতে চান না বলেও স্পষ্ট করেছেন এই শিল্পী।
সম্প্রতি একটি গণমাধ্যমের সেলিব্রিটি আড্ডাভিত্তিক অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল সম্পর্কে জানতে চাইলে রবি বলেন, “আমার প্রথম বিয়েটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সুযোগ থাকলে সেই অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই সেই অতীত নিয়ে এখন আর কথা বলতে চাই না।”
আরও পড়ুন: অভিনয়ের পর এবার গানের মঞ্চে অপূর্ব, নিউইয়র্কে একক কনসার্ট
নব্বইয়ের দশকের শেষদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রবির। ২০০০ সালের দিকে একাধিক জনপ্রিয় দ্বৈত গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। পরে ২০০১ সালে তারা বিয়ে করেন। তবে দাম্পত্য জীবনে মতবিরোধের কারণে অল্প সময়ের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে।
আরও পড়ুন: তাহসানের প্রত্যাবর্তন, তবে অভিনেতা বা গায়ক হিসেবে নয়
সাক্ষাৎকারে আলোচনায় আসে রবির জনপ্রিয় গান ‘কাল নাগিনী’। প্রশ্ন ছিল, গানটি কি ডলি সায়ন্তনীকে উদ্দেশ করেই লেখা? উত্তরে সরাসরি কিছু না বলে রহস্য বজায় রাখেন তিনি। হাসতে হাসতে রবি বলেন, “সবসময় তো আর বন্দুক দিয়ে মারতে হয় না, মাঝে মাঝে কলম দিয়েও মারা যায়। গানটি আমার নিজের লেখা। তবে কাকে নিয়ে লিখেছিলাম, সেটা এখন আর বলতে চাই না।”
ব্যক্তিজীবনের পুরোনো অধ্যায় নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও, অতীতের বিতর্ক নয়-সংগীত নিয়েই এগিয়ে যেতে চান বলেই ইঙ্গিত দিয়েছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

