ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে ব্যক্তিজীবনের নানা গুঞ্জন নতুন নয়। তবে এবার বহুদিনের আলোচিত এক সম্পর্ক নিয়ে নিজেই মুখ খুললেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে মিডিয়ার বাইরের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং তাকেই বিয়ে করার ইচ্ছা ছিল বলে জানিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় অতীতের সেই প্রেমের কথা স্মরণ করেন শাকিব। অনুষ্ঠানে পূর্ণিমা জানান, মিডিয়ার বাইরে এক সাধারণ মেয়ের সঙ্গে গভীর সম্পর্কে ছিলেন শাকিব এবং তাকে জীবনসঙ্গী করার পরিকল্পনাও ছিল।
আরও পড়ুন: ‘সব শেষ’ ভেবেও ঘুরে দাঁড়িয়েছি: আবেগঘন বার্তায় বাঁধন
পূর্ণিমার বক্তব্যের সত্যতা স্বীকার করে শাকিব বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। মেয়েটি আমাকে খুব ভালোবাসত। সত্যিই তার সঙ্গেই সংসার করার স্বপ্ন দেখেছিলাম।’
অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি। শাকিব বলেন, ‘মাঝে মাঝে একা বসে ভাবি, আমি কাকে চেয়েছিলাম, কাকে ভালোবেসেছিলাম আর শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম। সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে জীবনে অনেক ভালো থাকুক।’
আরও পড়ুন: ‘প্রথম বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল’—রবি চৌধুরী
শাকিবের এই অকপট স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভক্তদের অনেকেই অভিনেতার জীবনের এই অজানা অধ্যায় নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। যদিও সেই তরুণীর পরিচয় কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ঢালিউডের এই জনপ্রিয় নায়ক।

