রণবীর-দীপিকা আবারও এক ছবিতে!

জিটি ডেস্ক

প্রকাশ:

দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর
দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর|ছবি: সংগৃহীত

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’, বক্স অফিসে তাদের রসায়নের ম্যাজিক এখনো ভোলেনি দর্শক। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন আবারও যেন সেই ম্যাজিকই ফিরতে চলেছে নতুন অবতারে!

বলিউডের অন্দরে কান পাতলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে, অয়ন মুখার্জীর বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র ২’-তে রণবীর ও আলিয়া ভাটের সঙ্গে নাকি দেখা যেতে পারে দীপিকাকে!

২০২২ সালে যখন ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ মুক্তি পেয়েছিল, তখন বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল ছবিটি। অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো তারকার মেলা তো ছিলই, সঙ্গে শাহরুখ খানের স্পেশ্যাল এন্ট্রিও প্রেক্ষাগৃহে হইচই ফেলে দিয়েছিল। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল বলে জানা যায়। সেই থেকেই দর্শকেরা মুখিয়ে বসে আছেন, ছবির দ্বিতীয় কিস্তি কবে আসবে।

আরও পড়ুন: হকারি থেকে জনপ্রিয় গীতিকার, শব্দেই নিজের ঠিকানা গড়েছেন মারজুক রাসেল

সবচেয়ে বড় চমক হল, এবার ‘ব্রহ্মাস্ত্র ২’-তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে, যার নাম ‘অমৃতা’। আর সেই চরিত্রের জন্যই পরিচালক অয়ন মুখার্জীর নাকি প্রথম ও একমাত্র পছন্দ স্বয়ং দীপিকা পাডুকোন।

অয়ন ও তার টিম মনে করছে এই চরিত্রের গভীরতা ও গুরুত্ব পর্দায় ফুটিয়ে তুলতে দীপিকার চেয়ে যোগ্য আর কেউ হতে পারেন না।

সূত্রের খবর, এই নিয়ে দীপিকার সঙ্গে নির্মাতাদের কথাবার্তাও অনেকটাই এগিয়ে গেছে। যদিও তার শিডিউল ও অন্যান্য বিষয়ের ওপর অনেক কিছুই নির্ভর করছে, তবে সবকিছু পরিকল্পনামাফিক চললে একই ফ্রেমে রণবীর, আলিয়া ও দীপিকাকে দেখা সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: কেন ৯ বছর গোপন রেখেছিলেন শাকিবের সঙ্গে বিয়ে, জানালেন অপু বিশ্বাস

এখানেই শেষ নয়, ছবির অন্দরের খবর অনুযায়ী রণবীর নিজেও এই সিক্যুয়েল নিয়ে দারুণ উৎসাহিত। কারণ এই ছবিতে রণবীরকে ডাবল রোলে দেখা যেতে পারে। তিনি ‘শিবা’র পাশাপাশি ‘দেব’ চরিত্রটিও নিজেই ফুটিয়ে তুলবেন বলে শোনা যাচ্ছে।

পরিচালক নীতেশ তিওয়ারির বিগ বাজেট ‘রামায়ণ’ ছবির কাজ শেষ করেই ২০২৭ সালের জানুয়ারি নাগাদ ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং ফ্লোরে নাকি নামবেন রণবীর। সব মিলিয়ে, পর্দায় প্রাক্তনের সঙ্গে বর্তমানের এই যুগলবন্দি দেখতে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!