শিল্পী পরিচয় কি কখনো লজ্জার হতে পারে? মূল্যবোধের অবক্ষয় আর শিল্পীদের পরিচয়কে ছোট করে দেখার প্রবণতা নিয়ে এমন প্রশ্নই তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শিল্প, শিল্পচর্চা ও সংস্কৃতির মর্যাদা নিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন তিনি। প্রভার মতে, কোনো পরিচয় যদি একজন মানুষকে সম্মান, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দেয়, তাহলে সেই পরিচয় নিয়ে লজ্জিত হওয়ার কারণ নেই। বরং সেই পরিচয়ের প্রতি সম্মান রাখাটাই মূল্যবোধের পরিচয়।
আরও পড়ুন: বনলতা এক্সপ্রেস’-এর পর নতুন গল্পে রাজ-সাবিলা
সংস্কৃতি অঙ্গনে আসার আগে শিক্ষা ও সাংস্কৃতিক বোধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। শুধু পরিচিতি বা জনপ্রিয়তার আকাঙ্ক্ষা থেকে নয়, শিক্ষা, সচেতনতা ও মূল্যবোধকে সঙ্গে নিয়েই সংস্কৃতিচর্চায় আসা উচিত বলে মনে করেন তিনি।
প্রভা বলেন, তিনি চান না অশিক্ষা, অজ্ঞতা কিংবা সংস্কৃতির প্রতি অসম্মানকে সঙ্গে নিয়ে কেউ এই অঙ্গনে প্রবেশ করুক। যারা শিল্পচর্চায় যুক্ত হবেন, তাদের নিজেদের পরিচয়ের প্রতিও শ্রদ্ধাশীল থাকা জরুরি। শিল্পের মর্যাদা তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, “শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।
আরও পড়ুন: জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী
তার এই বক্তব্যে একদিকে যেমন শিল্পী পরিচয়কে ছোট করে দেখার প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠেছে, অন্যদিকে নতুন প্রজন্মের সংস্কৃতিকর্মীদের নিজেদের কাজ ও পরিচয়ের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার বার্তাও রয়েছে।
প্রভার মতে, শিল্প শুধু পেশা নয়; এটি সমাজ ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। তাই শিল্পী ও শিল্পের প্রতি সম্মান বজায় রাখা জরুরি।

