নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু

জিটি ডেস্ক

প্রকাশ:

নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভিড়
নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভিড়|ছবি: সংগৃহীত

রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)। এদিন মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নটর ডেম কলেজ সূত্র জানায়, প্রত্যেক বছরের মতো এবারও দুদিনব্যাপী একাদশে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথম দিন বৃহস্পতিবার কয়েকটি শিফটে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের পরীক্ষা হবে। দ্বিতীয় দিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন: এসএসসি পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নির্দেশনা দিল নটর ডেম কলেজ

বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কলেজটি। এতে বলা হয়েছে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুদের প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী- নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তিতে আবেদন নেওয়া হয়। ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া আবেদন চলে ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে ঠিক কত সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে, তা জানায়নি কর্তৃপক্ষ।

ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা

বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পঠিত বিষয়সমূহের মধ্যে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। ‘O’ Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা বাংলা বিভাগ এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের জন্য আবেদন করতে পারবে।

আরও পড়ুন: এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: নতুন করে পাস ৪০৮৫, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে

ন্যূনতম জিপিএ বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে হলে ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করতে হলে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করতে হলেও ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রয়োজন।

মাধ্যম ও ন্যূনতম জিপিএ: বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এছাড়া বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রযোজ্য।

আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০টি এবং ইংরেজি মাধ্যমে ৩২০টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে আসন সংখ্যা ৭৫০টি এবং মানবিক বিভাগে ৪১০টি।

আরও পড়ুন: এইচএসসি ভোকেশনাল চালু ১৩ কারিগরি কলেজে, দেখুন তালিকা

ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত মনোনয়ন

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারী সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে জানিয়ে দেওয়া হবে।

এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম থেকে ১ হাজার ৯০০ জন, বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যম থেকে ৪০০ জন, মানবিক বিভাগ থেকে ৬০০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জনকে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

এসএসসিতে প্রাপ্ত জিপিএ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে শিক্ষার্থীদের ভর্তির জন্য মনোনীত করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী মৌখিক পরীক্ষার দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা নটর ডেম কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজ ‘NDC Learning’-এ প্রকাশ করা হবে।

আরও পড়ুন: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ

এসএসসি ২০২৬-এর সিলেবাস অনুযায়ী নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদনকারীদের বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। একইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তির আবেদনকারীদের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। মানবিক বিভাগের পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ইউনিফর্ম পরিধান, কলেজের আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং ধূমপান করেন এমন শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!