ইতালিতে হামলার শিকার হয়েছেন দাবি অভিনেত্রী বাঁধনের

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

‘জয় বাংলা’ বলতে বাধ্য করার দাবি
‘জয় বাংলা’ বলতে বাধ্য করার দাবি|ছবি: সংগৃহীত

ইতালির মেস্ত্রে শহরে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার জন্য দায়ী করেছেন অভিনেত্রী নিজেই।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক লাইভে এ অভিযোগ করেন বাঁধন।

ফেসবুক লাইভে বাঁধন বলেন, ভাইয়ের পরিবারের সঙ্গে তিনি মেস্ত্রের একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাঙালি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, ঢাকায় গোয়েন্দা প্রতিনিধিদলের বার্তা

অভিনেত্রীর ভাষ্য, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’

ঘটনার সময় তার সঙ্গে ভাইয়ের ছোট শিশুও ছিল জানিয়ে বাঁধন বলেন, হামলাকারীরা তার শরীরে হাত তুলেছেন এবং তার ফোন ফেলে দিয়েছেন। এ সময় কানের পাশেও আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নিজেকে জুলাই আন্দোলনের একজন অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করে বাঁধন বলেন, ‘তারা বলেছে—আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

আরও পড়ুনূ: ঢাকা উত্তর-দক্ষিণে প্রার্থী পরিবর্তনের পথে এনসিপি

হামলাকারীদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে উল্লেখ করে অভিনেত্রী অভিযোগ করেন, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। এ সময় তার ভিডিও ধারণ এবং তা লাইভে প্রচার ও আপলোড করা হচ্ছিল বলেও দাবি করেন তিনি।

বাঁধন আরও বলেন, ‘আমি বলব—আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেননি। আপনারা ভেবেছেন—এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।’

ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে অভিনেত্রী হামলার জন্য আওয়ামী লীগের বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রবাসী কর্মীদের দায়ী করেন। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য বা ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!