ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় দেশে হাসপাতালে ভর্তি হওয়া অন্যান্য রোগীদের তুলনায় সবচেয়ে বেশি বলে জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। সংস্থাটির তথ্যমতে, গত এক বছরে হাসপাতালে ভর্তি ক্যান্সার রোগীদের গড় চিকিৎসা ব্যয় দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৯৩৮ টাকা। কিছু ক্ষেত্রে এ ব্যয় সর্বোচ্চ ৮ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।
বৃহস্পতিবার (৭ মে) বিআইডিএসের জনসংখ্যা অধ্যয়ন বিভাগের ‘বাংলাদেশে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অপূর্ণতা এবং ব্যক্তিগত ব্যয়ে চিকিৎসার গতিপ্রকৃতি পুনর্বিবেচনা’ শীর্ষক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইডিএস’র রিসার্চ ফেলো ড. মো. আব্দুর রাজ্জাক।
আরও পড়ুন: করের অর্থ কোথায় ব্যয় হচ্ছে তা জানানো হবে: তিতুমীর
গবেষণায় দেখা গেছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় গড়ে ব্যয় হয়েছে ১ লাখ ৩১ হাজার ৭০৯ টাকা। হৃদরোগে আক্রান্তদের চিকিৎসায় গড় ব্যয় ৯৯ হাজার ৭১৫ টাকা। এছাড়া লিভারের রোগে ৭৮ হাজার ৯৩৪ টাকা এবং জন্ডিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যয় হয়েছে গড়ে ৭৬ হাজার ৪৫৩ টাকা।
মানসিক স্বাস্থ্যসংক্রান্ত রোগে চিকিৎসা ব্যয় গড়ে ৬৯ হাজার ১৯১ টাকা। কিডনি রোগে আক্রান্তদের চিকিৎসায় ব্যয় হয়েছে ৬৩ হাজার ২৭১ টাকা এবং নিউমোনিয়ায় গড়ে ব্যয় দাঁড়িয়েছে ৫৮ হাজার ১১৭ টাকা।
নারীদের বিভিন্ন রোগের চিকিৎসায় গড় ব্যয় ৪৮ হাজার ৫৬২ টাকা। দুর্ঘটনা বা আঘাতজনিত কারণে চিকিৎসা নিতে ব্যয় হয়েছে ৪৪ হাজার ৩৬২ টাকা। আমাশয়ে চিকিৎসা ব্যয় গড়ে ৪৩ হাজার ৭১৯ টাকা এবং উচ্চ রক্তচাপে চিকিৎসা নিতে গড়ে খরচ হয়েছে ৩৫ হাজার ৫২৯ টাকা।
আরও পড়ুন: বগুড়ায় নতুন বিমানবন্দর, তৈরি হবে ফ্লাইং একাডেমিও
এছাড়া নাক, কান ও গলার সমস্যায় গড়ে ৩২ হাজার ৮৪১ টাকা এবং পক্ষাঘাতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ৩২ হাজার ৩৬৬ টাকা ব্যয় হয়েছে। চোখের সমস্যায় চিকিৎসা ব্যয় ৩০ হাজার ৯১২ টাকা এবং যক্ষ্মায় ৩০ হাজার ৫২ টাকা।
শ্বাসতন্ত্রের রোগে গড়ে চিকিৎসা ব্যয় হয়েছে ২৫ হাজার ৭৭১ টাকা। গর্ভধারণজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি রোগীদের ব্যয় ২৪ হাজার ২৩৮ টাকা। দুর্বলতা বা মাথা ঘোরার সমস্যায় চিকিৎসা ব্যয় হয়েছে ২৩ হাজার ২৫৩ টাকা।
ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় গড়ে ব্যয় হয়েছে ২২ হাজার ৩৬৫ টাকা এবং টাইফয়েডে ২০ হাজার ৭১০ টাকা। বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ব্যয় হয়েছে ১৯ হাজার ২১৮ টাকা।
মৃগীরোগে চিকিৎসা ব্যয় গড়ে ১৭ হাজার ৩৪৮ টাকা। ডায়রিয়াজনিত সংক্রমণে ব্যয় হয়েছে ১০ হাজার ৪৭৩ টাকা এবং চর্মরোগ বা খোসপাঁচড়ায় ৯ হাজার ৮১২ টাকা।
অন্যদিকে দাঁতের সমস্যায় গড়ে চিকিৎসা ব্যয় হয়েছে ৮ হাজার ৪৮১ টাকা এবং জ্বরে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ ব্যয় ছিল ৭ হাজার ৭৩৫ টাকা।
আরও পড়ুন: মে মাসের ৪ দিনেই রেমিট্যান্স এল ৫ হাজার ৫৯৭ কোটি টাকা
গবেষণা বিশ্লেষণে বলা হয়েছে, জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে অনেক বেশি। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ ও কিডনি রোগের মতো অসংক্রামক রোগের ক্ষেত্রে চিকিৎসা ব্যয়ের চাপ ক্রমাগত বাড়ছে।

