জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স পরীক্ষার সূচি প্রকাশ

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার নম্বর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে এন্ট্রি করতে হবে। আগামী ১৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ইনকোর্স পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ইনফো পোর্টালের মার্কস এন্ট্রি মেনু থেকে কোর্স নির্বাচন করে ইনকোর্স মার্কস এন্ট্রি অপশনে গিয়ে নম্বর এন্ট্রি করতে পারবেন সংশ্লিষ্টরা। এ জন্য পাসওয়ার্ড কলেজ পোর্টালে লগইন করে নোটিফিকেশন মেনু থেকে সংগ্রহ করতে হবে।

ইনকোর্স পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি ও প্রেরণের পর নম্বরপত্রের প্রিন্ট কপি, পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরা শিট সিলগালা করে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে।

আরও পড়ুন: একাদশে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল নটর ডেম কলেজ, আবেদন ১ থেকে ১০ সেপ্টেম্বর

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের পর ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি করা যাবে না। নির্ধারিত সময় শেষ হলে লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেসব নিয়মিত, প্রাইভেট এবং অনিয়মিত পরীক্ষার্থীর— যাদের ইনকোর্স নম্বর আগে এন্ট্রি দেওয়া হয়নি, তাদের নম্বর অনলাইনে এন্ট্রি থাকবে, শুধু তাদের নামই ২০২৪ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তালিকায় থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ইনকোর্স পরীক্ষার জন্য মোট ১৫ শতাংশ এবং ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশ নম্বরের মধ্যে মূল্যায়ন করতে হবে। তবে প্রাইভেট পরীক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর ২০ শতাংশের মধ্যে মূল্যায়ন করা হবে।

সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। প্রথম ও দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার নম্বরের গড় করে চূড়ান্ত নম্বর তৈরি করে অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির নম্বর ছাড়া পরীক্ষার ফরম পূরণ করা যাবে না। এ ছাড়া একবার ইনকোর্স নম্বর অনলাইনে ইনপুট দেওয়ার পর তা পরিবর্তন বা নতুন করে এন্ট্রি দেওয়ার সুযোগ থাকবে না।

দুটি ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র পৃথক পৃথক প্যাকেটে করে প্রশ্নপত্রসহ একসঙ্গে পাঠাতে হবে। প্যাকেটের ওপর বড় করে লাল কালিতে ‘২০২৪ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স ইনকোর্স পরীক্ষা’ লিখতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, উত্তরপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র অথবা প্রিলিমিনারি টু মাস্টার্স শাখায় নির্ধারিত নিয়মে পাঠাতে হবে। এ জন্য দেশের রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঝিনাইদহ, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা ও যোগাযোগ নম্বর বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

বিজ্ঞপ্তিতে ইনকোর্স পরীক্ষা ও নম্বরসংক্রান্ত বিষয়ে অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম কিবরিয়া এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক একেএম নাজমুল করিমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অনলাইনসংক্রান্ত কারিগরি সহায়তার জন্য নির্ধারিত ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করা যাবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!