কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘বাস কার্ড’

জিটি রিপোর্ট

প্রকাশ:

বাস কার্ড চালুর উদ্যোগ
বাস কার্ড চালুর উদ্যোগ|ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসে শিক্ষার্থীদের আসন দখল ও সংরক্ষণের প্রবণতা বন্ধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে শিগগিরই ‘বাস কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পরিবহন পুলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাকসুদুল করিম।

সম্প্রতি কুবির পরিবহন বাসে যাত্রী উপস্থিত না থেকেও ইট, খালি বোতল, ভাঙা আয়না, মোবাইল কাভার, গাছের ডাল ও পলিথিনসহ বিভিন্ন সামগ্রী রেখে আসন ‘রিজার্ভ’ করে রাখার অভিযোগ উঠেছে। এতে আগে বাসে ওঠা শিক্ষার্থীরা খালি আসনে বসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অনেককে পুরো পথ দাঁড়িয়ে যাতায়াত করতে হচ্ছে।


আরও পড়ুন: এসএসসি-এইচএসসি ২০২৭ : শিক্ষকদের তথ্য সংশোধনের নির্দেশ বোর্ডের

অধ্যাপক ড. মো. মাকসুদুল করিম বলেন, বিষয়টি নিয়ে উপ-উপাচার্যের সঙ্গে বৈঠক হয়েছে এবং একটি নোটিশ প্রস্তুত করা হয়েছে। এটি ডিনদের কাছে পাঠানো হবে। পরে বিভাগীয় চেয়ারম্যানদের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই বাস কার্ড চালুর ব্যবস্থা করা হবে। কোনো সামগ্রী রেখে বাসের আসন দখল করে না রাখার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হবে।

পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, বাস কার্ড চালু হলে একজন শিক্ষার্থী অতিরিক্ত সিট দখল করে রাখতে পারবেন না। একই সঙ্গে বোতল, পাতা, কলম, পলিথিনসহ বিভিন্ন জিনিস রেখে সিট ধরে রাখার প্রবণতা বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন এমন যাত্রীদের বাসে ওঠা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আরও পড়ুন: এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর, থাকবে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা

বর্তমানে শিক্ষার্থীদের জন্য কুবির নিজস্ব ও ভাড়ায় পরিচালিত মোট ২৫টি বাস রয়েছে। এর মধ্যে ১২টি নীল বাস, তিনটি মিনিবাস এবং বিআরটিসি থেকে ভাড়া নেওয়া ১০টি বাস রয়েছে। যাত্রীর চাপ বেশি থাকায় অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় দাঁড়িয়ে যাতায়াত করতে হয়। বাস কার্ড চালুর মাধ্যমে আসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর আশা করছে পরিবহন পুল।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!