দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে শুরু করতে যাচ্ছে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’। আগামীকাল শনিবার (১৮ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সায়েম বিন সোলাইমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন।
আরও পড়ুন: বন্ধ টয়লেটের ভেতরে আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ উদ্ধার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, স্থানীয় বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আগামীর নানা পরিকল্পনা তুলে ধরে উপচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, শুরুতে আইন ও হিসাববিজ্ঞান এই দুটি বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন ভর্তি শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে। ৮ জন শিক্ষক ইতোমধ্যেই বিভাগে যোগদান করেছেন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার্থীকে আটকে ব্ল্যাকমেইল, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আটক ৩
তিনি আরও বলেন, ইতোমধ্যেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ৯৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অবকাঠামো গড়ে তুলতে একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হলেও জ্ঞানার্জনের সকল সুযোগ তৈরি করা হয়েছে। এই ধারাবাহিকতায় আগামীতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কৃষি, কর্মমুখী শিক্ষা ও গবেষণায় এ অঞ্চলে বাতিঘর হিসেবে গড়ে উঠবে।

