আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন। সম্ভাব্য ১৫ অথবা ১৬ মার্চ সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হাসনাত মোহা. শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে আলোচনা করেই সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: জিএসটি গুচ্ছে বাড়ল আরেকটি ইউনিট
সাক্ষাতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ-বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০ একর জমিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাঁচটি অনুষদের অধীনে বিশ্ববিদ্যালয়টির ২১টি বিভাগে পাঠদান চলছে।
আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র
বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণের বিষয়েও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। পাশাপাশি চাকরির বাজারে চাহিদা রয়েছে—এমন নতুন বিষয় চালুর বিষয়টি আলোচনায় আসে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রথম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত তারিখ ও অন্যান্য আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

