বেলুচিস্তানে অতর্কিত হামলা, ৪৫ পাকিস্তানি সেনা নিহত

জিটি ডেস্ক

প্রকাশ:

বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে
বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে|ছবি: সংগৃহীত

স্বাধীনতা ঘোষণাকে ঘিরে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাসতুং এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে।

বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। গত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বেলুচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর এটি তৃতীয় বড় ধরনের হামলা। পাকিস্তান সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত সরকারিভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি।

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালুচ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করেন, তাদের যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর বহর, বহরের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য এবং হামলার পর ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনা সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

আরও পড়ুন: এবার লোহিত সাগর বন্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

তিনি আরও দাবি করেন, বিবৃতি দেওয়ার সময়ও বিএলএ যোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছিল এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে চলতি সপ্তাহে জিয়ারত জেলার মাঙ্গি ড্যাম এলাকায় ২৭ জন পুলিশ কর্মকর্তা এবং লাসবেলায় ১১ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ শুরু করে। সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সেনাবাহিনীর প্রতিক্রিয়া কেমন হবে, তা সন্ত্রাসীরা কল্পনাও করতে পারবে না।’

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্যও আমিরাতে ৫ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা

পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দাবি করেন, পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। ওই পোস্টে আরও দাবি করা হয়, রিপাবলিক অব বেলুচিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে বেলুচিস্তানের ৮৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি তারা জাতীয় সংগীত ‘মা চুকাইন বালুচানি’ ও জাতীয় পতাকা গ্রহণ করেছে এবং ‘বালুচি ফালুস’ নামে নিজস্ব মুদ্রাও চালু করেছে।

ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই প্রদেশটির কৌশলগত গুরুত্ব অনেক। চীনের বিনিয়োগে নির্মিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ গভীর সমুদ্রবন্দর গদর এই প্রদেশেই অবস্থিত।

এর আগে গত ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে আরও দুটি হামলার ঘটনা ঘটে। এর একটি চালায় বিএলএ এবং অন্য দুটি চালায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!