ট্রাম্পকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরান-সমর্থিত জোটের

জিটি রিপোর্ট

প্রকাশ:

ট্রাম্পকে হত্যায় পুরস্কার ঘোষণা ঘিরে নতুন উত্তেজনা
ট্রাম্পকে হত্যায় পুরস্কার ঘোষণা ঘিরে নতুন উত্তেজনা|ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য ১০ মিলিয়ন (১ কোটি) মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত জোট ইরাক ইসলামিক প্রতিরোধ (আইআরআই)। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জোটটি দাবি করে, সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। এর প্রতিবাদেই এ ঘোষণা দেওয়া হয়েছে বলে দাবি তাদের।

আরও পড়ুন: ইরানের কিশ ও কেশম দ্বীপে ফের মার্কিন হামলা

জোটটি আরও জানায়, যে ব্যক্তি ট্রাম্পকে হত্যা করবে বা এ ধরনের অভিযানে অর্থায়ন কিংবা সহায়তা করবে, তাকে ১০ মিলিয়ন ডলার দেওয়া হবে। সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হয়েছে বলেও দাবি করা হয়।

এর আগে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প একাধিক হত্যাচেষ্টার মুখোমুখি হন। এর মধ্যে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে তার ওপর গুলি চালানো হয়। এছাড়া ফ্লোরিডায় তার গলফ কোর্সেও আরেকটি হামলার পরিকল্পনা ভণ্ডুল করে মার্কিন সিক্রেট সার্ভিস।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে ইরানের হামলার দাবি, হরমুজ বন্ধের ঘোষণা

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ওয়াশিংটন ইরানের ওপর নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বাড়ানোর পাশাপাশি ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও অভিযান জোরদার করেছে।

বিশ্লেষকদের মতে, ইরাকি মিলিশিয়াদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সরাসরি হামলা চালানোর সক্ষমতা সীমিত হলেও, এ ধরনের পুরস্কার ঘোষণার ঘটনা দুই পক্ষের বৈরী সম্পর্ক আরও উসকে দিতে পারে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!