ভিসা আবেদনে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

জিটি ডেস্ক

প্রকাশ:

অভিবাসন-সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র
অভিবাসন-সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র|ছবি: সংগৃহীত

ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন-সুবিধার আবেদন প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতিমালা অনুযায়ী, আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীকে যোগ্যতার সব প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিল করতে হবে। তা না হলে অতিরিক্ত তথ্য চাওয়ার সুযোগ না দিয়েই আবেদন বাতিল করা হতে পারে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানায়।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ না থাকলে আবেদনকারীর কাছে রিকোয়েস্ট ফর এভিডেন্স (আরএফই) বা নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই (এনওআইডি) পাঠানো ছাড়াই আবেদন নাকচ করা হতে পারে।

আরও পড়ুন: ফেসবুকে শেখ হাসিনার লাইভ শেয়ার: সাকিব আল হাসানের বাড়িতে হামলা

ইউএসসিআইএস জানায়, প্রতিটি আবেদনপত্র ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাই শুরু থেকেই পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার দায়িত্ব আবেদনকারীর।

সংস্থাটির মতে, নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা আরও জোরদার হবে এবং অসম্পূর্ণ বা ভিত্তিহীন আবেদন দাখিল করা কঠিন হবে।

এর মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একটি নীতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে আবেদন অসম্পূর্ণ হলে তা সরাসরি বাতিল না করে কর্মকর্তাদের আবেদনকারীর কাছে অতিরিক্ত তথ্য চেয়ে আরএফই পাঠাতে উৎসাহিত করা হতো।

আরও পড়ুন: গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

ইউএসসিআইএস জানিয়েছে, নতুন নীতিমালা ৫ আগস্ট থেকেই কার্যকর হয়েছে। বিদ্যমান আইন বা সংস্থার নীতিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা এর পর জমা দেওয়া এবং ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সব অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!