সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, শুরু সাংবিধানিক প্রক্রিয়া

জিটি রিপোর্ট

প্রকাশ:

রাষ্ট্রপতির পদ শূন্য
রাষ্ট্রপতির পদ শূন্য|ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় সংসদ সচিবালয়। সংবাদ সম্মেলনটি জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আজই আসতে পারে আনুষ্ঠানিক বার্তা

শুক্রবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ-পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আর সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন: স্পিকার

বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এদিকে, মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!