বিশ্বকাপ থেকে বিদায়, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

জিটি রিপোর্ট

প্রকাশ:

 উরুগুয়ে ফুটবল দল
উরুগুয়ে ফুটবল দল |ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশার রেশ কাটতে না কাটতেই বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মুখে পড়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। টুর্নামেন্ট থেকে বিদায়ের পর পুরো দলকে দেশে ফেরানোর জন্য আগে থেকে নির্ধারিত চার্টার্ড ফ্লাইট বাতিল করেছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ)। ফলে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের আর একসঙ্গে দেশে ফেরা হচ্ছে না। সবাইকে নিজ নিজ গন্তব্যে বাণিজ্যিক ফ্লাইটে আলাদাভাবে যাত্রা করতে হবে।

বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে হতাশাজনক পারফরম্যান্সের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ড্র করার পর শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় উরুগুয়ে। তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয় ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো তাদের।

আরও পড়ুনঃ নকআউট পর্বের শুরুতে পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া

উরুগুয়ের সংবাদমাধ্যম এল পাইস ও টেলিভিশন নেটওয়ার্ক টেনফিল্ড জানিয়েছে, বিশ্বকাপ থেকে বিদায়ের পর আগে থেকে বুকিং দেওয়া চার্টার্ড ফ্লাইট বাতিল করেছে এইউএফ। এর ফলে মেক্সিকোর বেস ক্যাম্প থেকে পুরো প্রতিনিধিদলকে একসঙ্গে রাজধানী মন্টেভিডিওতে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা আর বাস্তবায়ন হচ্ছে না। খেলোয়াড়েরা এখন বাণিজ্যিক বিভিন্ন ফ্লাইটে আলাদা আলাদাভাবে দেশে কিংবা নিজ নিজ ক্লাবের উদ্দেশে রওনা হবেন।

তবে এই সিদ্ধান্তকে দলীয় শাস্তি হিসেবে দেখতে রাজি নয় উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, 'প্রতিনিধিদলের আকার (১৫০ জনেরও বেশি) এবং ৫,০০০ কেজিরও বেশি লাগেজ ও সরঞ্জাম পরিবহনের প্রয়োজনের কারণে যাওয়ার যাত্রার জন্য একটি বিশেষ চার্টার ফ্লাইটের প্রয়োজন হয়েছিল। শুরু থেকেই পরিকল্পনা অনুযায়ী, ফেরার যাত্রার জন্য কখনোই চার্টার ফ্লাইটের বিকল্প বিবেচনা করা হয়নি, কারণ যাত্রার প্রস্থানস্থল তখনও নির্ধারিত ছিল না।'

বিবৃতিতে আরও বলা হয়, 'এই কারণে, যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সরকারি প্রতিনিধিদলের অবশিষ্ট সদস্যরা ২৮ জুন থেকে বাণিজ্যিক ফ্লাইটে বাড়ি ফিরতে শুরু করবেন। এটিই প্রতিটি গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে দ্রুত ও কার্যকর উপায়। তারা সোমবার বিভিন্ন দলে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন।'

এই সিদ্ধান্তের ফলে বেশ কয়েকজন ফুটবলার উরুগুয়েতে না ফিরে সরাসরি মেক্সিকো থেকেই ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে নিজ নিজ ক্লাবের উদ্দেশে যাত্রা করবেন। দীর্ঘ ও ক্লান্তিকর মৌসুম শেষে তারা কয়েক দিনের বিশ্রাম নিয়ে নতুন মৌসুমের প্রস্তুতিতে যোগ দেবেন।

আরও পড়ুনঃ ঘোষণা দিয়েই পর্তুগালকে রুখে দিল আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জোর কলম্বিয়া

বিশ্বকাপে উরুগুয়ের ব্যর্থতার পর প্রধান কোচ মার্সেলো বিয়েলসার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। খেলোয়াড়দের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আগে থেকেই নানা আলোচনা ছিল। যদিও এইউএফ এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবু দেশটির গণমাধ্যমের ধারণা, বিশ্বকাপের পর তাঁর দায়িত্বে থাকা কঠিন হয়ে পড়েছে।

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য নতুন কোচ নিয়োগে তাড়াহুড়া করতে চায় না। ২০২৭ সালের মার্চ বা এপ্রিলের নির্বাচনের আগে নতুন প্রধান কোচ নিয়োগের সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। এর মধ্যে আর্থিক কাঠামো, দল পরিচালনা এবং যুব ফুটবলসহ পুরো ব্যবস্থাপনায় বড় ধরনের পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। অনূর্ধ্ব-২০ দলের কোচ মার্সেলো ব্রোলিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে, যদিও তিনি এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

গ্রুপ ‘এইচ’ থেকে শেষ পর্যন্ত নকআউট পর্বে জায়গা করে নিয়েছে স্পেন ও বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস গড়া কেপ ভার্দে। আর দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে হতাশা নিয়েই বিশ্বকাপের মঞ্চ ছেড়ে দেশে ফিরতে হচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!