নকআউট পর্বের শুরুতে পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া

জিটি রিপোর্ট

প্রকাশ:

 ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া |ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করে নকআউটে উঠেছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। গ্রুপ ‘কে’-এর শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে রানার্সআপ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। অন্যদিকে গ্রুপ ‘এল’-এর শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে লুকা মদরিচের ক্রোয়েশিয়া। ফলে নকআউট পর্বের শুরুতেই মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল।

মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেস্তর লরেঞ্জোর কলম্বিয়া। অন্যদিকে জয়ের বিকল্প না থাকলেও কলম্বিয়ার রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়ে রানার্সআপ হয় পর্তুগাল। ফলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হয়েছে ক্রোয়েশিয়া।

অন্যদিকে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে ক্রোয়েশিয়া। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-২ গোলে হারের পর টানা দুই জয় তুলে নিয়ে ৬ পয়েন্টে গ্রুপ রানার্সআপ হয় জ্লাতকো দালিচের দল। যদিও ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকেও সেরা আটটি তৃতীয় দলের একটি হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ঘানা।

আরও পড়ুনঃ ঘোষণা দিয়েই পর্তুগালকে রুখে দিল আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জোর কলম্বিয়া

ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রোয়েশিয়া। প্রথম ১৭ মিনিটেই নিকোলা ভ্লাসিচের দূরপাল্লার শট পোস্টে লেগে ফিরে এলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় তাদের। তবে ৩১তম মিনিটে আর ভুল হয়নি। প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত নিচু শটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন পেতার সুচিচ। জাতীয় দলের জার্সিতে প্রায় দুই বছর পর গোলের দেখা পান ইন্টার মিলানের এই মিডফিল্ডার। এর আগে সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও বিরতির পর বদলে যায় ঘানার খেলার ধরণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় ফাতায়ু ক্রোয়াট রক্ষণে চাপ তৈরি করেন। এরপর ধারাবাহিক আক্রমণের পুরস্কার পায় আফ্রিকার দলটি।

৭৩তম মিনিটে সেট-পিস থেকে সমতায় ফেরে ঘানা। ফ্রি-কিক থেকে ডি-বক্সে আসা বলে অফসাইডের ফাঁদ ভেঙে বাঁ পায়ের শটে জালে বল জড়ান সেন্টার-ব্যাক ডেরিক লাকাশেন। প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে গোলের স্বীকৃতি দেন রেফারি।

তবে ঘানার উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮২তম মিনিটে মার্কো পাশালিচের শক্তিশালী শট এক হাতে ঠেকিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ঘানার গোলরক্ষক। সেই কর্নার থেকেই আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। লুকা মদরিচের নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে জয়সূচক গোলটি করেন নিকোলা ভ্লাসিচ।

আরও পড়ুনঃ বিশ্বকাপ থেকে বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের

শেষ দিকে আর কোনো দলই উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া এবং নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। আগেই বিদায় নিশ্চিত হওয়া পানামা তিন ম্যাচেই হেরে পয়েন্টশূন্য অবস্থায় বিশ্বকাপ মিশন শেষ করেছে।

অন্যদিকে গ্রুপ ‘কে’-তে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ম্যাচজুড়ে নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি পর্তুগালকে। কলম্বিয়ার শৃঙ্খলাবদ্ধ রক্ষণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণের সামনে ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফের্নান্দেসরা কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত রানার্সআপ হিসেবেই নকআউটে উঠতে হয়েছে পর্তুগালকে।

ফলে শেষ ৩২-এর অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মুখোমুখি সংঘর্ষ। একদিকে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ দলের অধিনায়ক লুকা মদরিচ। ইউরোপের দুই অভিজ্ঞ দলের এই লড়াই এখন থেকেই ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!