দেশের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩—এই তিন বয়সভিত্তিক দল নিয়ে 'গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি' আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণ ক্রিকেটারদের কেবল অনুশীলনের মধ্যে না রেখে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সুযোগ করে দিতেই এই ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
আরও পড়ুনঃ এ বছর হচ্ছে না বিপিএল: বিসিবি সভাপতি তামিম
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ আগস্ট শুরু হবে এই আয়োজন। সব ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়। প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দুবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলকে নিয়ে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
আজ আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের ঘোষণা দিতে এসে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়দের জন্য বয়োজ্যেষ্ঠ দলগুলোর বিপক্ষে খেলাটা বড় একটি অভিজ্ঞতা হবে। টুর্নামেন্টের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৭ যখন অনূর্ধ্ব-২৩–এর সঙ্গে খেলবে, (অনূর্ধ্ব–১৭–এর জন্য) চ্যালেঞ্জিং হবে। হয়তো খুব কম রানে আউট হয়ে যেতে পারে অথবা খুব ভালোও খেলতে পারে। কিন্তু এই বয়সেই যদি ওদের এই চ্যালেঞ্জটা না দেওয়া যায়, তাহলে ক্রিকেট বোর্ড বা নির্বাচকদের বোঝার কোনো উপায় নেই যে এখানে কোনো স্পেশাল ক্রিকেটার আছে কি না।’
আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকাকে রুখে দিল বাংলাদেশ
খেলোয়াড়দের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করতে জিডি ট্রফির কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে বিসিবি। সে বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘১৭ বছরের একটা ছেলে মিরপুরে খেলছে, তার মা-বাবা বাসায় বসে খেলা দেখছে, এই অভিজ্ঞতাটাই আমি তাদের দিতে চাই। মূল লক্ষ্য হলো ট্যালেন্ট খুঁজে বের করা এবং আইডেন্টিফাই করা।’
বিসিবি জানিয়েছে, এখন থেকে প্রতিবছর নিয়মিতভাবে এই গেম ডেভেলপমেন্ট ট্রফি আয়োজন করা হবে। একই সাথে ভবিষ্যতে মেয়েদের বয়সভিত্তিক দলগুলোকে নিয়েও সমমানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের।
জিডি ট্রফির সময়সূচি:
২৮ আগস্ট: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৭
৩০ আগস্ট: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
১ সেপ্টেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৭
৫ সেপ্টেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৭ সেপ্টেম্বর: বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
৯ সেপ্টেম্বর: ফাইনাল

