অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টুয়েন্টি টুর্নামেন্টে টানা তিন জয়ের পর হারের মুখ দেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। আজ অনুষ্ঠিত নিজেদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরে গেছে তারা।
ডিএক্সসি অ্যারেনায় আজ টসে জিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ এইচপি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে অ্যাডিলেড। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি ৯ উইকেটে ১৪৩ রান তুলতে সক্ষম হয়। ফলে ২১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রতিপক্ষ।
আরও পড়ুনঃ ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে কত টাকা লাগবে?
১৬৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় এইচপি। শূন্য হাতে বিদায় নেন ওপেনার জিসান আলম। প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৬১ রান যোগ করেন হাবিবুর রহমান ও আরিফুল ইসলাম। ১৮ বলে ২৩ রান করে হাবিবুর আউট হন।
হাবিবুরের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। ফলে রানের গতি কমে যায়। আরিফুল এক প্রান্ত আগলে রেখে ৫৪ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন। ১৮ তম ওভারে আরিফুল যখন ফেরেন, তখন এইচপির রান ছিল ৭ উইকেটে ১২৯।
শেষ ১২ বলে এইচপির প্রয়োজন ছিল ৩৬ রান। তবে ১৯ তম ওভার শেষে সমীকরণ দাঁড়ায় ৬ বলে ৩৩ রান। শেষ ওভারে এইচপির ব্যাটাররা ১১ রান তুলতে সমর্থ হলে হারের ব্যবধান কিছুটা কমে।
এর আগে অ্যাডিলেডকে ১৬৪ রানে আটকে রাখতে মূল ভূমিকা রাখেন বাংলাদেশের বোলাররা। শেষ ওভারে দারুণ বোলিং করেন মিডিয়াম পেসার আবদুল গাফফার সাকলাইন। তিনি শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই বোলার ৪ ওভারে ২১ রান দিয়ে মোট ৪টি উইকেট শিকার করেন। এ ছাড়া অফ স্পিনার মোহাম্মদ রুবেল ৩০ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। অ্যাডিলেডের পক্ষে ওপেনার টমাস কেলি ২০ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন।
প্রথম তিন ম্যাচ জেতার কারণে এই হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ এইচপি। চার ম্যাচ শেষে দলটির অর্জিত পয়েন্ট ৬। সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইকেরও। তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে বাংলাদেশের তরুণরা।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার মাটিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ এইচপি
বর্তমানে বাংলাদেশ এইচপির নেট রান রেট +১.১০৮। অন্যদিকে নর্দার্ন টেরিটরির নেট রান রেট +০.৬২৬। নিয়ম অনুযায়ী পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল প্লে-অফ পর্বে খেলার সুযোগ পাবে।
আগামী পরশু টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ এইচপি। ডিএক্সসি অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচে তাদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ‘এ’ দল।

