কারাগারে থাকা পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক। ইমরানের সুচিকিৎসা সুনিশ্চিত করার দাবি জানিয়ে পাকিস্তান সরকারের কাছে একটি যৌথ চিঠিও দিয়েছেন তারা।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে চিঠিটি তৈরি করা হয়। চলতি সপ্তাহে এটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠানো হয়েছে। এতে ভারতে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও সুনীল গাভাস্কার ছাড়াও অ্যালান বোর্ডার, অ্যালিস্টার কুক, ক্লাইভ লয়েডের মতো তারকারা স্বাক্ষর করেছেন। গত ছয় মাসের মধ্যে ইমরানের স্বাস্থ্য নিয়ে সাবেক ক্রিকেটারদের পাঠানো এটি দ্বিতীয় চিঠি।
আরও পড়ুনঃ বড় হারের দিনেই আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
চিঠিতে সাবেক তারকারা উল্লেখ করেন, ইমরানের ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন, ইমরানকে হাসপাতালে নিয়ে একটি স্বাধীন মেডিকেল বোর্ডের মাধ্যমে চিকিৎসা দিতে হবে। নির্দেশনায় বলা হয়েছিল, সেই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও বোন ড. উজমা খান থাকবেন। পাশাপাশি পরিবারকে সপ্তাহে অন্তত একবার সাক্ষাতের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল।
সাবেক অধিনায়কদের অভিযোগ, আদালতের নির্দেশনা মেনে পুরো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার কাজটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শেষ করে দ্রুত তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়। প্রায় তিন বছর ধরে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন সাবেক এই তারকা অলরাউন্ডার।
আরও পড়ুনঃ শরীফুলের বিধ্বংসী বোলিংয়ে ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
চিঠিতে স্বাক্ষর করা অন্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ইয়ান চ্যাপেল, মাইক গ্যাটিং, অর্জুনা রানাতুঙ্গা, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যান্ড্রু স্ট্রস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ, জন রাইট, নাসের হুসেইন, ডেভিড গাওয়ার, মাইকেল আথারটন, মাইকেল ব্রিয়ারলি, বেলিন্ডা ক্লার্ক, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, লি জার্মন ও কিম হিউজ।

