ফুটবল বিশ্বে বিতর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম আবারও আলোচনায়। একসময় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘মন্ত্রবলে’ আটকে দেওয়ার দাবি করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেওয়া এই তান্ত্রিক এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে নতুন এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেছেন। তার দাবি, শেষ ৩২-এর লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে।
আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। গ্রুপ পর্বে দাপটের সঙ্গে তিনটি ম্যাচ জিতে নকআউটে ওঠা লিওনেল মেসিদের এবার বিদায় নিতে হবে বলে দাবি করেছেন বনসাম।
আর্জেন্টিনাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’
আরও পড়ুনঃ উচ্ছ্বসিত আলিসন বাংলাদেশকে নিয়ে যা বললেন
এর আগেও নানা কোয়াকু বনসামের বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের ওপর বিশেষ ‘কার্জ’ বা অভিশাপ প্রয়োগ করবেন, যাতে তিনি নিজের সেরাটা খেলতে না পারেন।
সেই সময় বনসাম বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কার্জ করছি। আমি তার বড় কোনো ইনজুরি চাই না। তবে আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ কার্যকর থাকবে।’
তার সেই মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। এবার একইভাবে আর্জেন্টিনাকে নিয়েও ভবিষ্যদ্বাণী করায় আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি।
তবে পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার দলগুলোর বিপক্ষে এখন পর্যন্ত সাতবার মাঠে নেমেছে আলবিসেলেস্তেরা। এর মধ্যে ছয়টি ম্যাচেই জয় পেয়েছে তারা। মাত্র একবার হেরেছে, সেটিও ১৯৯০ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বকাপের নকআউট পর্বে এবারই প্রথম কোনো আফ্রিকান দলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ফলে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারে।
আরও পড়ুনঃ আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামছে হালান্ডের নরওয়ে, দেখুন দুই দলের একাদশ
অন্যদিকে, নবাগত কেপ ভার্দেও দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। নিজেদের প্রথম বিশ্বকাপেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে নিয়ে কঠিন গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতোমধ্যে চমক দেখিয়েছে আফ্রিকার দেশটি। এবার তাদের লক্ষ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আরও বড় ইতিহাস গড়া।
এখন দেখার বিষয়, নানা কোয়াকু বনসামের বহুল আলোচিত ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নেয় কি না, নাকি মায়ামির মাঠে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগিয়ে যাবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

