উচ্ছ্বসিত আলিসন বাংলাদেশকে নিয়ে যা বললেন

জিটি রিপোর্ট

প্রকাশ:

 আলিসন
আলিসন |ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠে না থাকলেও সমর্থনের দিক থেকে আবারও বিশ্বজুড়ে আলোচনায় বাংলাদেশ। জাপানের বিপক্ষে ব্রাজিলের নাটকীয় জয়ের পর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অকুণ্ঠ ভালোবাসার কথা স্মরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রাজিলের তারকা গোলরক্ষক আলিসন বেকার। বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে।

বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে ব্রাজিল, অন্যদিকে আর্জেন্টিনা। দেশের অলিগলি, শহর-বন্দর, গ্রাম-গঞ্জজুড়ে প্রিয় দলের পতাকা, জার্সি আর উন্মাদনায় তৈরি হয় অনন্য এক ফুটবল উৎসব। বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও ফুটবলের প্রতি এ দেশের মানুষের আবেগ ও ভালোবাসা বহু আগেই ছড়িয়ে পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনায়।

আরও পড়ুনঃ আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামছে হালান্ডের নরওয়ে, দেখুন দুই দলের একাদশ

ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বাংলাদেশের এই ব্যতিক্রমী সমর্থনের চিত্র নিয়মিতই পৌঁছে যাচ্ছে লাতিন আমেরিকায়। বাংলাদেশের মানুষ যে ব্রাজিলকে কতটা ভালোবাসে, সেটি আরও একবার কাছ থেকে জানলেন আলিসন বেকার।

জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। সেই জয়ের পর পুরো বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের মধ্যেও নেমে আসে উৎসবের আমেজ।

ম্যাচ শেষে স্টেডিয়ামের মিক্সড জোনে বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে যাওয়া টি-স্পোর্টসের দুই জ্যেষ্ঠ সাংবাদিক নাভিল খান ও রিফাত মাসুদ আলিসনের কাছে বাংলাদেশের সমর্থনের বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসা নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ব্রাজিলের এই অভিজ্ঞ গোলরক্ষক বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

আলিসনের এই বক্তব্য মুহূর্তেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের উচ্ছ্বাস আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবার সেই ভালোবাসার প্রতিদান দিলেন ব্রাজিলের অন্যতম নির্ভরযোগ্য এই গোলরক্ষক।

শুধু আলিসনই নন, জাপানের বিপক্ষে ব্রাজিলকে সমতায় ফেরানো মিডফিল্ডার কাসেমিরোও ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ থেকে পাওয়া ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ নাটকীয় ম্যাচে পেনাল্টিতে জয়সূচক গোল করে মায়ের বুকে সাইবারি

বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশের প্রতি নিজের আবেগের কথা প্রকাশ করেছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ওখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।’

বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিতে না পারলেও ফুটবলের প্রতি দেশের মানুষের অসাধারণ আবেগ ও সমর্থন বিশ্বের বড় বড় ফুটবল তারকাদেরও মুগ্ধ করছে। ব্রাজিল ও আর্জেন্টিনার মতো ফুটবল পরাশক্তির খেলোয়াড়দের মুখে বাংলাদেশের নাম উচ্চারিত হওয়া প্রমাণ করে, ফুটবলপ্রেমী জাতি হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের আলাদা একটি পরিচয় তৈরি হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!